শ্রমিকদের বেতন: ঋণের জন্য আবেদনের সময় বেড়েছে
কোভিড-১৯ মহামারীর কারণে সংকটময় পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য সরকার পাঁচ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিল গঠন করেছে, তা থেকে ঋণ পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
২০ এপ্রিল ঋণের জন্য আবেদনের শেষ সময় ছিল। এখন তা ২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশের রপ্তানি অয়ের প্রধান খাত তৈরি পোশাক কারখানার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের আবেদনে সাড়া দিয়ে সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে এই তহবিল থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাই টেক পার্কের টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্যও ঋণ নেওয়া যাবে।
আগে এসব এলাকার শুধু টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের জন্য এ সুযোগ রাখা হয়েছিল।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ঋণ আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই কঠিন সময়ে আমরা খুবই খারাপ সময় পার করছি। শ্রমিকদের জীবন-জীবিকা দুটো নিয়েই ভাবতে হচ্ছে আমাদের। অন্যদিকে বায়ারদের ধরে রাখা।
“সে কারণেই আমরা সময় বাড়ানোর আবেদন করেছিলাম। বাংলাদেশ ব্যাংক তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় আমরা খুশি।”
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ঋণ আবেদনের সময় ২ মে ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
২ মে পর্যন্ত যে সব আবেদন পাওয়া যাবে সেগুলোর ভিত্তিতে ঋণ দাতা ব্যাংকগুলো তাদের ঋণের চাহিদা আগামী ৩ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে।
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দেওয়ার পর এর বিস্তার রোধের পদক্ষেপে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
এরপর ২ এপ্রিল সেই তহবিলের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়, যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তারাই এই তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে।
এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে রপ্তানিমুখী শিল্পগুলোকে। তবে সময় মতো কিস্তির অর্থ পরিশোধ না করলে বকেয়া কিস্তির উপর দণ্ড সুদ আরোপ হবে।
বাংলাদেশে রপ্তানি খাতের অগ্রগণ্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য এই অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।
সার্কুলারে বলা হয়, যে সব শিল্প প্রতিষ্ঠান মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে, তারা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই তহবিলের অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবে।
যে সব কারখানা সচল আছে, তারাই কেবল ঋণ পাবেন। যারা ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ইতোমধ্যে দিয়ে দিয়েছে, তারাই কেবল সচল কারখানা হিসেবে বিবেচিত হবে।
এই তহবিল থেকে ঋণ নিয়ে চলতি এপ্রিল, আগামী মে ও জুন মাসের বেতন দিতে পারবেন কারখানা মালিকরা। তবে মালিকদের হাতে কোনো টাকা দেওয়া হবে না। ব্যাংকগুলো শ্রমিকদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংক হিসাবে সরাসরি টাকা পাঠিয়ে দেবে।
