প্রতিবেদন জমা দিতে জুন পর্যন্ত সময় পেল ব্যাংকগুলো
ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে ৩০ জুন পর্যন্ত সময় পাবে ব্যাংকগুলো।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৮ সাল পর্যন্ত সংশোধিত)এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বাড়িয়েছে কেন্দ্রয়ি ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সরকারের সাথে পরামর্শক্রমে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের (২০১৯) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের (২০২০) ৩০ জুন পর্যন্ত সময় পাবে প্রতিটি ব্যাংক।
সার্কুলারে সময় বাড়ানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেতাতে লকডাউনের কারণে ব্যাংকগুলো তাদের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারছে না। এ কারণেই সময় বাড়ানো হয়েছে।
ব্যাংক কোম্পানি আইনের ৪০ ধারায় বলা হয়েছে, ব্যাংকগুলো তাদের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।
তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন দাখিলের উক্ত সময়সীমা অনধিক দুই মাস পর্যন্ত বর্ধিত করিতে পারিবে৷
