কারখানা চালাতে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
করোনাভাইরাসের মহামারীর কারণে লকডাউনের মধ্যেও বেশ কিছু রপ্তানিমুখী কারখানা আবার চালু করা হয়েছে।
সংক্রমণের ঝুঁকি এড়াতে এসব কারখানায় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজের পরিবেশ তৈরি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পোশাক খাতের কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সভাপতি রুবানা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একমাস বন্ধ রাখার পর স্বল্প সংখ্যক শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করে কারখানা চালুর এই পদক্ষেপ নিয়েছেন তারা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কারখানা মালিকদের জন্য এই নির্দেশনা তৈরি করার কথা বলেছেন তিনি।
২২ এপ্রিল বিজিএমইএর দেওয়া একটি নির্দেশনায় কারখানা পরিচালনার বিভিন্ন ধাপ, কারখানায় প্রবেশের প্রটোকল, ভেতরের পরিবেশ, কর্মীদের ছুটি, পরিষ্কার পরিচ্ছনতা এবং কর্মক্ষেত্রে কারও সংক্রমণের সন্দেহ হলে করণীয় সম্পর্কে বলা হয়েছে।
২৫ এপ্রিল আরেকটি নির্দেশনায় কর্মীদের কারখানায় আনা-নেওয়ার ক্ষেত্রে যানবাহনের প্রটোকল, কারখানায় ঢোকার আগে স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য বিষয়ে বলা হয়েছে।
আরও পড়ুন
