২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণোদনা চায় জুয়েলারি ব্যবসায়ীরা

কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত গয়না ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের কাছে বিশেষ প্রণোদনা চেয়েছে গয়না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 02:40 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

রোববার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এক মাস ধরে দেশব্যাপী লকডাউন চলছে।

সরকার কয়েক দফায় সাধারণ ছুটি বাড়িয়েছে ৫ মে পর্যন্ত করেছে। জরুরি প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবা, খাদ্য সরবরাহকরী প্রতিষ্ঠান ও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলছে। ফলে জুয়েলারি শিল্পসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো হুমকির সম্মুখিন হয়েছে।

সারা দেশে প্রায় ১৮ হাজার নিবন্ধিত ছোট, বড় ও মাঝারি আকারের জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্পের সাথে ৮০ হাজার স্বর্ণ শিল্পী যুক্ত রয়েছে। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৮ লাখ মানুষ এই শিল্পের সাথে জড়িত।

দীর্ঘ বন্ধের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠেছে। তারা কর্মীদের বেতন ও দোকান ভাড়া দিতে পারছনে না।

“তাই প্রাচীন ও সম্ভাবনাময়ী এই শিল্পকে বাঁচাতে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনার একটি অংশ স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে স্বর্ণ ব্যবসায়ীদের দেওয়ার অনুরোধ করছি। যাতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন ভাতা, দোকান ভাড়াসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়।”

একইসঙ্গে স্বর্ণ শিল্পীদের রেশনকার্ড বিতরণ করে সরকারের রেশন সুবিধার আওতায় আনার অনুরোধ জানিয়েছে জুয়েলার্স সমিতি।