কোভিড-১৯: ইন্টারনেট ব্যাংকিং আরও সহজ করল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন আরও সহজতর করেছে।
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে গ্রাহকরা অনেক বেশি ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরও আনন্দময় করতে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ করা হয়েছে।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ও এসএমএস ভেরিফিকেশনের মত আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রাইম ব্যাংক এর অ্যাকাউন্ট ও অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, প্রাইম ব্যাংক ও অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, ডিপিডিসি, ডেসকো, মেটলাইফ পেমেন্টট ও মোবাইল রিচার্জ করা যায়।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এফডিআর, ডিপোজিট স্কিম ও লোনের তথ্যসহ আরও অনেক সেবা গ্রহণ করা যায়।
ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনে প্রাইম ব্যাংক সবসময়ই অগ্রগামী ছিল। ডিজিটাল ব্যাংকিংই হবে আগামী দিনের ব্যাংকিং। গ্রাহকরা এখন তাদের বাসা থেকে ২৪ ঘন্টাই ব্যাংকিং সেবা গ্রহণ করতে চায়।
“বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ইন্টারনেট ব্যাংকিং সেবাটি গ্রাহকদের জন্য অনেক সহায়ক হবে। গ্রাহকরা যাতে যে কোনো সময় যে কোন জায়গা থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে, এর জন্য আমরা প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক নতুন নতুন সেবা নিয়ে আসবো।”
