২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় দ্রব্যমূল্য কারসাজির বিষয়ে হুঁশিয়ার করলেন মন্ত্রী

আসন্ন রমজান ও চলমান পরিস্থিতিতে নিত্যপণ্যের মজুদ চাহিদার তুলনায় বেশি রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 11:25 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে এবং বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, “রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ আগে থেকেই বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনায় অধিক পণ্য উৎপাদন করেছে। আমদানিযোগ্য পণ্য অনেক আগেই পর্যাপ্ত পরিমানে আমদানি করা হয়েছে।”

চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “কোনো পণ্যেরই সংকট নেই এবং মূল্য বৃদ্ধির সম্ভাবনা বা কারণ নেই। সকল পণ্যের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বছর রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ‘ব্যাপক প্রস্তুতি’ গ্রহণ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্রগ্রামসহ দেশের সব বিভাগ, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূলে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

টিসিবির নিয়োগপ্রাপ্ত প্রায় তিন হাজার ডিলার এ সব পণ্য ট্রাকসেলে বিক্রি করছে। টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য ঢাকায় আটটি এবং ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয়ভাবে মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরকার অভিযান জোরদার করেছে।

সভার কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকল্পে এবং আসন্ন রমজানে খাদ্য সামগ্রী পরিবহনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য স্থানীয় পর্যায়ে পরিবহন ব্যবস্থা করতে হবে। টিসিবির ট্রাকসেল পুনঃবিন্যাস করার বিষয় বিবেচনা করা হবে, ডলারের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে।

চট্রগ্রাম সমুদ্র বন্দরে সৃষ্ট কনটেইনার জট নিরসনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রেখে, প্রয়োজনে জরুরি পণ্য খালাসের জন্য আমদানিকারকদের কাছ থেকে তথ্য নিয়ে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিদিনের বাজারদর সিটি করপোরেশনকে সরবরাহ করার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা, ঢাকার জেলা প্রশাসন রমজান উপলক্ষে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিচালিত টিসিবির পণ্য বিক্রির স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যকর পদক্ষেপ নেবে। সারা দেশে পাইকারি বাজার চালু করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযান আরও জোরদার করবে এবং একই সাথে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কোভিড-১৯ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বাজারে এর বিরূপ প্রভাব মোকাবেলায় নিত্যপ্রয়োজনয়ি পণ্যসহ ওষুধ সামগ্রীর বিকল্প বাজার সন্ধানে এখন থেকেই আমদানিকারকরা প্রস্তুতি গ্রহণ করবে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্যের সরবরাহ অব্যাহত রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সার্বক্ষণিক তৎপর থাকবে এবং করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গঠিত টাস্কফোর্স আরও জোরালভাবে কাজ করবে।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।