আইসিসিবি হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন সাফিয়াত সোবহান
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নির্মাণাধীন দেশের বৃহত্তম অস্থায়ী হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস আক্রান্তের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) হাসপাতালটি নির্মাণে চলছে শেষ পর্যায়ের কাজ। এসে গেছে রোগীর শয্যা, আসবাবসহ অধিকাংশ সরঞ্জাম। চিকিৎসক ও নার্সদের বহনযোগ্য কক্ষ ও টয়লেট প্রস্তুত শেষ পর্যায়ে।
এখন চলছে বেড, আসবাব ও চিকিৎসা সরঞ্জামগুলো লে-আউট করে জায়গামতো বসানোর কাজ। আর কয়েকদিনের মধ্যেই করোনা আক্রান্তের চিকিৎসায় হাসপাতালটি প্রস্তুত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন হাসপাতালটির নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীরা।
বুধবার দুপুরে হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। তিনি হাসপাতালটি নির্মাণের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীদের কাছ থেকে নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং দ্রুত কাজ শেষ করতে যে কোনো ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, মার্কেটিং সেক্টর-এ এইচওডি জেড এম আহমেদ প্রিন্স এবং হেড অব সাপ্লাই চেইন সেক্টর-এ আব্দুর রহমান জিপং।
কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আর ১৫ দিনের মধ্যে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১২ এপ্রিল কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
