কারওয়ান বাজারে বেচাকেনার নতুন সময়সূচি
ঢাকার কারওয়ানবাজারে খুচরা বিক্রি বন্ধের পর পাইকারি কেনাবেচায়ও নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাইকারি কেনাবেচা করা যাবে।
বৃহস্পতিবার পুলিশ, র্যাব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি ও কাওরান বাজারের মালিক সমিতির সদস্যগণের যৌথসভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসমত খন্দকার।
এর আগে গত ২১ এপ্রিল শাকসবজি এবং খাদ্যদ্রব্য রাত ৯টা থেকে রাত ২টার এবং মাছ কেনাবেচার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
পুলিশ কর্মকর্তা হাসমত খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সময়ের (সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা) মধ্যে সবজি ও মাছ সবকিছু বেচা-কেনা শেষ করতে হবে এবং সকাল ৮টার মধ্যে জীবাণুনাশক দিয়ে মার্কেট পরিষ্কার করার কাজ শেষ করতে হবে।”
তিনি বলেন, “সভায় আরও সিদ্ধান্ত হয়, পণ্য বিক্রয়কালীন বিক্রেতা, বিক্রেতার সহকারী (সর্বোচ্চ একজন) ও ক্রেতা সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস্ পরিধান করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন।”
বাজার মালিক সমিতির বাজারে আসা ক্রেতা, বিক্রেতা পণ্য পরিবহণ ও মালামাল ওঠানামার সঙ্গে জড়িত সবার জন্য সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবে।
করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য মুখে পলিথিনের ব্যাগ পরে ক’দিন আগে ঢাকার কারওয়ান বাজারে বাজার করতে দেখা যায় এই ব্যক্তিকে। ছবি: মাহমুদ জামান অভি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনসমাগম এড়াতে কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ করে দিয়েছে পুলিশ।
হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোনো ধরনের খাবার কিংবা পণ্যসামগ্রীও বিক্রি করা যাবে না। তবে মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
খুচরা বিক্রেতাদের সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বেচা-কেনা করতে বলা হয়েছে।
