কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ
করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপে ঢাকার কারওয়ান বাজারে এখন শুধু পাইকারি বেচাকেনা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর অন্যতম বড় এই বাজারে পাইকারি কেনা-বেচা চললেও তার সময়ও বেঁধে দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারে পাইকারি কেনা-বেচার পাশাপাশি খুচরা বিক্রিও চলত, যে কারণে অনেকে কাঁচা বাজারের জন্য সেখানে যেতেন।
কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অবরুদ্ধ দেশে সংক্রমণ এড়াতে এড়াতে মানুষে-মানুষে দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও কারওয়ান বাজারে ভিড় কমছিল না।
ওই এলাকায় ইতোমধ্যে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন থেকে কারওয়ান বাজারে কোনো খুচরা বিক্রেতা বসতে পারবে না। তারা সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবে আর পাইকারি বিক্রেতারা কারওয়াবাজারে বেচাকেনা করবে।”
পাইকারি বিক্রেতাদের সময় বেঁধে দেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা হাসনাত বলেন, শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যাবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা ও আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৭টা।
বাজারে গাড়ি ঢোকা ও বের হওয়ার পথও নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ।
কারওয়ান বাজারে গাড়িগুলো ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। বের হবে পেট্রোবাংলা ও টিসিবি ভবনের সামনের সড়ক দিয়ে।
কারওয়ান বাজারের কাব্যকস সুপার মার্কেটের মো. ইহসান নামে এক পাইকারি ব্যবসায়ী এই সিদ্ধান্তে সন্তোষ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। খুচরা বিক্রেতারা ফুটপাতের উপর সারাদিন দোকানদারি করে। এতে চলাচলে খুব সমস্যা হয়। আর খুচরা দোকানেই বেশি ভিড় হয়। ফলে সামাজিক দূরত্ব বজায় থাকে না।”
মঙ্গলবার রাত থেকেই নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাজার চলবে জানিয়ে পুলিশ কর্মকর্তা হাসনাত বলেন, এই ঘোষণা দিয়ে ইতোমধ্যে এলাকায় মাইকিংও করা হয়েছে।
