কর্তৃপক্ষকে না জানিয়ে কারখানা চালাচ্ছে আল-মুসলিম গ্রুপ
করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় লকডাউনের মধ্যে কর্তৃপক্ষকে না জানিয়ে শ্রমিকদের ডেকে এনে একটি পোশাক কারখানা চালু করেছে আল-মুসলিম গ্রুপ।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় এই শিল্পগোষ্ঠীর মালিকানাধীন অনুপম হোসিয়ারি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয় বলে শ্রমিকরা জানান।
কারখানার এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন মালিকপক্ষ তাদের কাজে যোগ দিতে বলে। সে অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকরা কাজে আসে।
“তবে কারখানায় মাত্র চার ভাগের এক ভাগ শ্রমিক এসেছে; ৩০০ থেকে ৪০০ জন হবে। কাজ করার টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে। প্যান্ট ও জ্যাকেট তৈরি হচ্ছে।”
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “শুধু মাস্ক পড়তে দেওয়া হয়েছে।”
ওই কারখানার আরেক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে কারখানার ‘উপরের পর্যায়ের’ কিছু কর্মীকে ডেকে নিয়ে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়।
“সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে খবর পেয়ে কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে জানালায় কালো পর্দা লাগাতে নির্দেশ দেন, যাতে বাইরে থেকে দেখা না যায়। তারা বলেন, গোপনে কাজ চলবে, কোনো হাজিরা নেওয়া হবে না।”
এরপর কর্মকর্তারা ফোনে শ্রমিকদের ‘ছাঁটাইয়ের হুমকি দিয়ে’ বৃহস্পতিবার কাজে যোগ দিতে নির্দেশ দেন বলে ওই পোশাককর্মী অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে অনুপম হোসিয়ারির ব্যবস্থাপনা পরিচালক ও আল-মুসলিম গ্রুপের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনকে বুধবার কয়েকবার ফোন করা হলেও কেউ ধরেননি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক সৌমেন বুড়য়া বলেন, কারখানা খোলা বা বন্ধ রাখার বিষয়ে কোনো বাধ্যবাধকতা তারা দেননি।
“তবে করোনাভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জ যেহেতু হটস্পট, তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের অবহিত করে কারখানা খুলতে হবে এবং অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে কাজ করতে হবে।”
“কারখানা চালু করার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তারা কারখানা চালু অবস্থায় দেখেছেন। সেখানে পিপিই তৈরি করা হচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।”
ইউএনও মমতাজ জানান, পিপিই তৈরি করার অনুমতি আছে কিনা, কাদের কাছ থেকে অনুমতি পেয়েছে, কী পরিমাণ পিপিই তৈরি করা হবে, মানসম্পন্ন পিপিই তৈরি হচ্ছে কিনা সেসব বিষয়ে তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে।
“পিপিই তৈরি করতে হলে এত শ্রমিকের প্রয়োজন নেই। অল্প শ্রমিক হলেই চলে। তারা যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারে, তাহলে কারখানার বন্ধ রাখতে হবে।”
[সংশোধনী: এই প্রতিবেদনে ভুলক্রমে সাউথবাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদের নাম উল্লেখ করা হয়েছিল, যা সঠিক নয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”
