২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা গুণলেন আদার ব্যাপারী

সরবরাহ ঘাটতির নাম করে গত এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী আদার বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 11:13 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবারের এই অভিযানে রাজধানীর ১৮টি পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান‌কে 'বেশি দামে' আদা বিক্রির দায়ে এক লাখ এক হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরের শ্যামবাজার, বাবুবাজার, কাপ্তানবাজার, মিরপুর শাহ আলী বাজার, কল্যাণপুর নতুন বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার, শিয়া মসজিদ বাজার, আদাবর বাজার, মিরপুর বড়বাগ বাজার, পীরেরবাগ পাকা মসজিদ বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ রেলগেট বাজার, রামপুরা বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্য বাড্ডা বাজার, গুদারাঘাট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকরা ৬৫টি বাজারে অভিযান পরিচালনা করেন।

প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ ঘাটতির কথা প্রচার করে একটি অসাধু চক্র আদার দাম বাড়িয়েছে। অভিযানে একজন খুচরা দোকানিকে প্রতিকেজি আদায় ৯০টাকা লাভ করতে দেখা যায়। এছাড়া পাইকারিতে প্রতিকেজি ২৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

অধিদপ্ত‌রের মহাপরিচালক বাবলু কুমার সাহা নিজে ঢাকা মহানগরীতে বাজার তদারকিতে অংশ নেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান বাজারে আদার আমদানি মূল্য সর্বোচ্চ ১০০ টাকার বেশি নয়। এর সাথে পরিবহন ব্যয়সহ অন্যান্য আনুসঙ্গিক ব্যয় এবং যৌক্তিক মুনাফা যোগ করে আদা বিক্রি করা উচিত। কিন্তু মাঠের বাস্তবচিত্র সম্পূর্ন ভিন্ন দেখা যাচ্ছে।

মাসুম আরেফিন জানান, মিরপুর শাহআলী মার্কেটে কিছু পাইকারি দোকানে (কমিশন এজেন্ট) প্রতি কেজি আদা ২৬০ টাকায় বিক্রি হয়েছে।

“এটা সম্পূর্ণ কারসাজির মাধ্যমে হয়েছে। কারণ সাপ্লায়ার ২৪০ টাকায় সরবরাহ করছিল।”

একইভাবে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় কয়েকটি মুদি দোকানে আদার অস্বাভাবিক দাম দেখতে পেয়ে জরিমানা করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানান হয়, শ্যামবাজারে আল ফায়েদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, নিউ খানজাহান আলী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা, জননী ভান্ডারকে ১০ হাজার টাকা এবং আব্দুল্লাহপুর আজমী ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বাজারে ফয়সাল এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদার দাম বেশি রাখায় শাহ আলী মার্কেটে ছয়টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শ্যামবাজারের একজন পাইকারি বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ১০ দিন ধরে চাহিদার তুলনায় আদার সরবরাহ কমে যাওয়ায় দামে অস্থিরতা দেখা দিয়েছে।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়েরর উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার,  প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী, তাহমিনা বেগম, মাগফুর রহমান, মাহমুদ আক্তার অভিযানে ছিলেন।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, “এই অভিযানে আসন্ন রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আদা, পেঁয়াজ, রসুন, চাল, ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ম মেনে যৌক্তিক ও ন্যায্যমূল্যে বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাকে অনুরোধ করা হয়েছে।”