২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে কারখানা চালুর উপায় সন্ধানে গার্মেন্ট মালিকরা

করোনাভাইরাসের মহামারীর মধ্যে দেশজুড়ে মানুষকে ঘরে আটকে রাখতে সরকার সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিলের পর দশ দিন বাড়ালেও এরই মধ্যে কীভাবে কারখানা চালু করা যায় তার উপায়ের সন্ধানে রয়েছেন তৈরি পোশাক খাতের শিল্প মালিক ও উদ্যোক্তারা।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 07:36 PM

Updated : 25 Jul 2022, 07:01 PM

তৈরি পোশাক খাতের প্রতিযোগী দেশগুলোর উদাহরণ তুলে ধরে কিছু শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করে মে মাসের শুরু থেকে কিছু কারখানা চালুর বিষয়ে প্রস্তাবিত একটি কর্মকৌশল সরকারের কাছে জমা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন।

তৈরি পোশাকের উৎপাদন ও বিপণনকারীদের মধ্যে সমন্বয়কারী সংগঠনটির সভাপতি কাজী ইফতেখার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে মঙ্গলবার তারা প্রস্তাবটি জমা দিয়েছেন।

তিনি বলেন, “বিভিন্ন দেশ যারা বর্তমান মহামারী পরিস্থিতির মধ্যেও কিছুদিন বন্ধ রাখার পর আবার উৎপাদনের দিকে যাচ্ছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে এসেছি। ভারতে ২০ শতাংশ শ্রমিকের উপস্থিতিতে কিছু কিছু কারখানা চালুর কথা ভাবা হচ্ছে।

“ভিয়েতনামে অনেক আগেই কারখানা চালু হয়েছে। আমাদেরও বসে থাকার সুযোগ নেই। আমরা দেশীয় প্রেক্ষাপটে সেই মডেলটি দাঁড় করিয়েছি, ভিয়েতনামকে উদাহরণ হিসাবে রেখেছি। একজনের কাছ থেকে আরেকজনের শরীরে সংক্রমণ ঠেকিয়ে কীভাবে কাজ করা যায় সেটা আমরা দেখিয়েছি।”

অতি ছোঁয়াছে ভাইরাসটি গত ৮ মার্চ বাংলাদেশে ধরা পড়ার কিছুদিন পর ২৬ এপ্রিল থেকে সর্বত্র ছুটি কার্যকর করে ঘরে অবস্থানের কৌশল হাতে নেয় সরকার। শুরুর দিকে কিছু কিছু কলকারখানা চালু থাকলেও পরিস্থিতির অবনতি হতে থাকায় অধিকাংশ কারখানার উৎপাদনই বন্ধ হয়ে গেছে।

পরিস্থিতি অনুকূলে থাকলে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে পারলে রোজার মাসের মধ্যে সীমিত আকারে কিছু গার্মেন্টস ও শিল্প কারখানা চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানুষের জীবনের শঙ্কার মধ্যেও কারখানা চালুর উদ্যোগের সমালোচনা হচ্ছে শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে। তবে সবপক্ষ একমত হয়েই স্বল্প পরিসরে কারখানা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন কাজী ইফতেখার।

তিনি বলেন, “কারখানার অভ্যন্তরেই  থাকার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পুরো ব্যাপারটা হতে হবে খুবই পরিকল্পিত ও গোছালোভাবে।”

পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি ফয়সাল সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিএমইএর সভাপতি রুবানা হকের নেতৃত্বে একটি টিম কাজ করছে। দেশের-ভেতরে বাইরের কারখানার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করেছেন। কোন সিদ্ধান্তটি নিলে সবচেয়ে ভালো হবে তা ঠিক করে ৩-৪ দিনের মধ্যেই একটি ‘প্রটোকল’ প্রস্তত করা হবে।

তিনি বলেন, দেশের কারখানাগুলোতে কী পরিমাণ পণ্য মজুদ রয়েছে। পোশাকপণ্যের আন্তর্জাতিক চাহিদা কতটুকু রয়েছে- এসব তারা বিশ্লেষণ করছেন। পাশাপাশি কোন কারখানাগুলোতে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সহজেই নিশ্চিত করা যাবে এসব কিছুর ডেটা মাঠ থেকে সংগ্রহ চলছে।

“কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সমান্তরালভাবে তারা কাজ করছেন যাতে কারখানা চালু করা বা না করার বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও ও সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা হচ্ছে।”

পোশাক রপ্তানিকারকদের আরেক সংগঠন বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান বলেন, “এখনকার পরিস্থিতি খুব বেশি দিন দীর্ঘায়িত হলে মালিক ও শ্রমিক কারও পক্ষেই টিকে থাকা সম্ভব হবে না। কিছু কিছু কারখানার মালিক হয়তো টিকে থাকতে পারবে। কিন্তু যেই শ্রমিক ১০ হাজার টাকা দিয়ে সংসার চালাতো বর্তমানে লে অফের ফলে সে পাবে সর্বসাকুল্যে ৪৭ শতাংশ বেতন। এই টাকা দিয়ে সে কয় মাস চলতে পারবে? এই খাতের ৪২ লাখ শ্রমিকের ক্ষেত্রে গল্পটি একই রকম।

“সুতরাং লকডাউন পরিস্থিতির মধ্যেও কীভাবে উৎপাদন প্রক্রিয়া চালু রাখা যায় সরকারকে সে বিষয়টি ভাবতে হবে। অন্যথায় লাখ লাখ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে।”

শ্রমিক সংগঠনগুলো বিরোধিতা

তবে চলমান মহামারীর মধ্যে সরকারের তহবিল থেকে শ্রমিকদের অন্তত তিন মাসের সবেতন ছুটির দাবি করে আসা সংগঠনগুলো বলছে, বিশ্বজুড়ে চলমান লকডাউনের মধ্যে যেখানে তৈরি পোশাকের ক্রয়াদেশই নেই, সেখানে মালিকদের কারখানা খোলার তোড়জোড় গ্রহণযোগ্য নয়।

এই মুহূর্তে কারখানা চালুর বিরোধিতা করে পোশাক খাতের ১১টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের বলেন, “সারা বিশ্বে যেখানে ভাইরাস চলছে। পোশাকখাতে অনেক শ্রমিক আক্রান্ত হয়েছে, ছয়জন মৃত্যুবরণ করেছে।

“এই মুহূর্তে কোথাও কিছু চলছে না। উড়োজাহাজ চলছে না, সমুদ্রযান চলছে না। কোনো শিপমেন্ট নেই, অর্ডার নেই। তাহলে কেন তারা এসব বলছে তা আমাদের বোধগম্য নয়।”

শ্রমিকদের জন্য তিন মাসের সবেতন ছুটি দাবি করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, “আমরা তিনমাস শ্রমিকদের সবেতন ছুটি চাইব। সেই টাকা সরকার দেবে, মালিকরা নয়, তাহলেই লকডাউন কার্যকর হবে।

“জার্মান সরকার ৬০ ভাগ বেতন দিয়ে দিচ্ছে, কেউ ৮০ ভাগ, ফ্রান্স শতভাগ বেতন দিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিটি নাগরিককে ১২০০ ডলার করে দিয়েছে টিকে থাকার জন্য।”

উৎপাদন শুরু না করলে আন্তর্জাতিক বিপণন চক্র থেকে ছিটকে পড়ার যে আশঙ্কা মালিকরা করছেন তাও নাকচ করেন এই শ্রমিক নেতা।

সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ছাড়া শুধু বিজিএমইএর সিদ্ধান্তে কারখানা চালুর বিপক্ষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আকতারও।

তিনি বলেন, “নিজেদের স্বার্থের জন্য কোনো ম্যাকানিজম বের করে বিজিএমইএ যদি কারখানা খোলে এবং এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব তাদের নিতে হবে।

“কারখানা খুলে দিলে সবগুলো খুলতে হবে। কোনো কারখানা বাদ রেখে বা কোনোটা আংশিক খোলা রাখার সুযোগ নেই। কারণ এই কারখানার কাজগুলো হচ্ছে চেইন সিস্টেম। কাটিং, সুইং, ফিনিশিং এগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাই এর কোনোটি বন্ধ রেখে কারখানা চালু রাখা সম্ভব নয়। সুতরাং আংশিক শ্রমিকের উপস্থিতির বিষয়টি জটিল ও কঠিন হয়ে যাবে।”

কারখানা মালিকদের সমালোচনা করে বাবুল বলেন, তারা যুগ যুগ ধরে লাভ করে আসছে। আর এখনকার পরিস্থিতিতে মাত্র ২/৩ মাসের জন্য শ্রমিকের দায়িত্ব নিতে পারলো না। তাদের নৈতিক দায়িত্ব ছিল অন্তত তিনমাস শ্রমিকদের বেতন দিয়ে যাওয়া। তারপর না পারলে সরকারের দ্বারস্ত হওয়া। কিন্তু তারা প্রথম থেকেই সরকারের কাছে প্রণোদনার জন্য হাজির হয়েছে।

“এই পরিস্থিতিতে শ্রমিকদের পূর্ণ মজুরি দিতে হবে। লে-অফ ও ছাঁটাই আমরা মানছি না। এখনই ৯০ ভাগ পোশাক কারখানায় লে-অফ হয়ে গেছে। বিজিএমইএ হয়তো ৭০ ভাগ কারখানায় লে-অফ হয়েছে বলতে চাইবে। কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি। অনেকে আবার সাধারণ ছুটি ঘোষণার পর পেছনের তারিখে লে-অফ ঘোষণা করছে।

তিনি বলেন, “১৪ হাজার শ্রমিককে ছাঁটাইয়ের তথ্য আমাদের কাছে আছে। এর বাইরেও অনেক ছাঁটাই হয়েছে। সব মিলিয়ে ২৫ থেকে ৩০ হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে আমরা মনে করি।”