২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের মধ্যে বিকাশে বেশি রেমিটেন্স আসছে

পৃথিবীব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে বিকাশে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 07:25 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

দেশের প্রিয়জনদের কাছে রেমিটেন্স পাঠাতে অনলাইন-টু-ওয়ালেট সেবার উপর ভরসা রাখছেন প্রবাসী বাংলাদেশীরা।

সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে ১৩৮ কোটি টাকার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

কোভিড-১৯ এর এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইন ও ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় এপ্রিল মাসে গড়ে প্রতিদিন ১৫০ শতাংশ পর্যন্ত বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রয়োজনের এই সময়টিতে প্রবাসী এবং দেশে অবস্থানকারী প্রিয়জন উভয়ই ঘরে অবস্থান করায়, অর্থ প্রেরণকারী বাইরে না গিয়ে তার নিজের মোবাইল থেকে অনলাইন অথবা ওয়ালেট ভিত্তিক মানি ট্রান্সফার সেবা থেকে নির্ধারিত ব্যাংকিং চ্যানেল হয়ে দেশে তার স্বজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।

“ফলে স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স আসার পরিমান অনেক বৃদ্ধি পেয়েছে।”

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ৬টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স গ্রহণের সেবা দিয়ে যাচ্ছে।

বিকাশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মালেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্য থেকে। ভ্যালইউ, হানপাস, জিমানি এর মত ওয়ালেট ভিত্তিক সেবা প্রতিষ্ঠানের সাথে বিকাশের কৌশলগত অংশীদ্বারিত্বের ফলে, কোভিড-১৯ এর এই সময়েও এ সব দেশে অবস্থানরত প্রবাসীরা তাদের মোবাইল ওয়ালেট থেকে কয়েক মুহুর্তেই দেশে স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন।

এই কঠিন সময়েও ওর্য়াল্ড রেমিট, ট্রান্সফারওয়াইজ, রিয়া, গালফ এক্সচেঞ্জ, বাহরাইন ফিন্যান্স কোম্পানি-বিএফসি, ব্র্যাক সাজন, সিবিএল মানি ট্রান্সফার, অগ্রণী এক্সচেঞ্জ, এনবিএল এক্সচেঞ্জসহ বিশ্বের শীর্ষ ৩৪টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে বিকাশের অংশীদ্বারিত্বের সুবাদে ৮০টির বেশী দেশ থেকে সহজেই বাংলাদেশে প্রিয়জনের কাছে অর্থ পারছেন প্রবাসীরা।