লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ডাকসেবা চলছে
মাহামারী করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ডাকঘরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।
সোমবার ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত সরকার ঘোষিত ছুটিকালীন ডাকসেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে গত ২৮ মার্চ থেকে জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিসসমূহ এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে।
এ সব ডাকঘর হতে সীমিত পরিসরে সকল কার্যদিবসে ১০টা হতে দৃপর ১টা পর্যন্ত সময়ে গ্রাহকদের ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধপত্র ও কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ই-কমার্স, ইএমটিএস, ডাক জীবন বীমা সেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় প্রদান করা হচ্ছে।
সমগ্র দেশের ডাক চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে ডাক বিভাগের মেইল গাড়িসমূহ নিয়মিত চলাচল করছে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে ডাকঘরগুলো হতে তাদের কাঙ্ক্ষিত সেবাসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সার্ভিস প্রদানের জন্য ৭০ হাজার নগদ সার্ভিসের আউটলেট খোলা রাখা হয়েছে। নগদের গ্রাহকরা তাদের নিকটস্থ আউটলেট হতে নগদের সেবা গ্রহণ করতে পারবেন।
এ সব সেবা প্রদানের জন্য ডাক বিভাগে কেন্দ্রীয় ভাবে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
