জিডি এসিস্টের সহযোগিতায় দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি
মহামারী করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগি প্রতিষ্ঠান জিডি এসিস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসের শেষ সপ্তাহে ব্যাংককে এক পিতার লাশ দেশে ফেরত আনতে জিডি এসিস্টের সাহায্য চেয়ে যোগাযোগ করেন এক বাংলাদেশি। মানবিক দিক বিবেচনায়, সাধারন রোগে মারা যাওয়া বাংলাদেশির লাশ ফেরত আনতে প্রক্রিয়া শুরু করে দেশের সবচেয়ে বড় মেডিকেল টুরিজম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান- জিডি এসিস্ট।
ইতোমধ্যে, আরও কিছু বাংলাদেশি পরিবারের কাছ থেকে আবেদন আসে দেশে ফেরত আসার জন্য। আটকে থাকা এই ৪৮ বাংলাদেশিদের ফেরত আনতে দুতাবাস এবং অন্যান্য প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে স্থানীয় একটি বিমান সংস্থার চার্টার ফ্লাইট নিশ্চিত করা হয় জিডি এসিস্টের পক্ষ থেকে।
জিডি এসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাপী এই বিপর্যয়ের সময়ে দেশের মানুষের জন্য কিছু করতে পেরে প্রতিষ্ঠানটির প্রতিটি সদস্য গর্বিত।
“প্রক্রিয়া সম্পন্ন করতে অনুমোদন পাওয়ার সাথে সাথে ব্যাংককের একটি নামী হাসপাতালে সকল বাংলাদেশীদের করোনা পরীক্ষা করা হয়েছে জিডি এসিস্টের পক্ষ থেকে।”
দেশে ফিরতে পেরে ইমেইলের মাধ্যমে জিডি এসিস্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই।
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগি প্রতিষ্ঠান জিডি এসিস্ট বিশ্বব্যাপী পর্যটন খাতে বাংলাদেশিদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে।
