অসহায় মানুষের পাশে সিটি ব্যাংক
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি ব্যাংক।
সারাদেশে আটটি সেন্টারের মাধ্যমে ২০ হাজার দুঃস্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যার মাধ্যমে প্রায় এক লাখ মানুষের এক সপ্তাহের খাদ্য সংস্থান হবে বলে বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই কার্যক্রমের সার্বিক তদারক করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
এই মানবিক উদ্যোগের ব্যয় নির্বাহ হয়েছে ব্যাংকের সকল কর্মীর একদিনের বেতন প্রদান এবং সেই সঙ্গে পরিচালনা পর্ষদ অনুমোদিত ব্যাংক থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে।
এছাড়া বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ‘উত্তরণ’ ফাউন্ডেশনের মাধ্যমে ১৩ জেলার ৩ হাজার সুবিধাবঞ্চিত পরিবার সিটি ব্যাংকের এই সহযোগিতা পাচ্ছে।
পাশাপাশি ডিএমপি ডিসি গুলশানের মাধ্যমে ২ হাজার মধ্যবিত্ত পরিবার ও ডিসি রমনার মাধ্যমে হাজারীবাগ এলাকায় চামড়াশিল্পে জড়িত পাঁচশ কর্মহীন পরিবার ব্যাংকের এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ প্রসঙ্গে বলেন, “সিটি ব্যাংক সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।”
