আরও ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে প্রাণ
নভেল করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।
গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয় দফায় রাজধানীসহ ২০টি জেলায় ৪০ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার দেওয়া হচ্ছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, নুডুলস, বিস্কুট, টোস্ট, দুধ, কেক ও জুস। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব খাদ্য বিতরণে সহযোগিতা করছেন।
দ্বিতীয় দফায় এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্ট্রগ্রাম, ফেনী, রংপুর ও নাটোরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এ মুহুর্তে দিন আনে দিন খায় এমন মানুষ খুব কষ্টে দিন পার করছেন। এ সংকটে আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।”
এর আগে সাধারণ ছুটি ঘোষণার পর চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রাণ-আরএফএল গ্রুপ।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, বিস্কুট ও নুডুলস।
