‘গৃহবন্দি বৈশাখে’ কাঁচা আম-কাঁঠালের রসনা
প্রাণসংহারী নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে যখন ঘরবন্দি জীবনে বাঙালির নাভিশ্বাস ওঠার দশা, ঠিক এমন সময়ে এসেছে বাংলা নববর্ষ। এবার উৎসবের ছটা না থাকলেও চার দেয়ালের মধ্যে নিজেদের মতো করে আয়োজন কিন্তু ঠিকই চলছে।
এই যেমন বৈশাখের প্রথম দিনটিতে ঢাকার কয়েকটি বাজারে কাঁচা আম আর কাঁচা কাঁঠালের যেমন বেচাকেনা দেখা যায়, তাতে বোঝাই গেল ঘরবিন্দ বৈশাখি উৎসবে বাঙালির রসনায় ছেদ পড়েনি। অন্যান্য বছরের মতো হুল্লোড় না থাকলেও বিক্রেতারা কিন্তু রয়েসয়ে দাম হাঁকছেন না। এমন ক্রান্তিকালে গাঁট থেকে বাড়তি কিছু পয়সা বের হলেও ক্রেতারা তাই মেনে নিচ্ছেন।
মঙ্গলবার শান্তিনগর, মালিবাগ রেলগেইট এবং ফকিরেরপুল বাজারে দেখা গেছে এক কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। কেজিতে ১০টির বেশি আম উঠে না। সে হিসাবে একটি আমের দাম পড়ছে ১২-১৪ টাকা।
“নববর্ষের দিন ঘরবন্দি আমার প্রিয় বাচ্চাদের জন্য এটা একটা উপহারও বটে,” হেসে বলেন এই সরকারি কর্মকর্তা।
কাঁচা আমের এতো দাম কেন জানতে চাইলে এই বাজারের ফল বিক্রেতা আজাদ বলেন, “স্যার নববর্ষের দিন এই কাঁচা আমের কদর বেশি, ডিমান্ড বেশি। খুব কষ্ট কইরা ১৩০ টাকা কেজিতে এই আম আনছি। বিক্রি করছি ১৪০ টাকায়।
“কি করমু স্যার? বাজার ঘুইরা দেখেন কোথাও কমে পাইবেন না। আমি যে সাইজের কাঁচা আম বিক্রি করছি, এর চাইতে ছোটটা ১২০ টাকা কেজি।”
নয়াপল্টন লেনের বাসিন্দা শাহিনা বেগম ফকিরেরপুল থেকে বাজার করে ফিরছিলেন বাসায়। পথে তার সাথে দেখা। জানালেন তিনিও কাঁচা কিনেছেন।
শাহিনা বলেন, “করোনাভাইরাসের কারণে সবাইকে ঘরবন্দি থাকতে হচ্ছে। আজকে নববর্ষ। এই কাঁচা আম টুকরো টুকরো করে লবণ দিয়ে খাওয়ার মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে। আমার বাচ্চাদের এই কাঁচা আম ভীষণ পছন্দের।”
বৈশাখের প্রথম দিনটিতে কাঁচা আমে কি কি পদ হবে তার একটা ছোট তালিকাও শুনিয়ে দিলেন এই গৃহিনী।
এদিকে কাঁচা কাঁঠালের দাম শুনলে বৈশাখের গরমে যে কারও মাথা আরেকটু গরম হয়ে যতে পারে।
শান্তিনগর বাজারের একটি ফলের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে দু’টি ছোট আকারের কাঁচা কাঁঠাল। সেখানে দরদাম করছিলেন হাসিবুর রহমান।
দাম কত ক্রেতা জিজ্ঞেস করতে বিক্রিতা তাজুলের উত্তর, “স্যার ২৫০ টাকা (একটার দাম)।”
ক্রেতা হাসিবুর দাম শুনে বললেন, “কাঁচা কাঠালের এতো দাম! কিনব না। তোরা বিক্রি কর।”
নববর্ষের দিন অনেক বাসায় কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করা বিভিন্ন খাবারেরও বেশ চল আছে।
এছাড়া বৈশাখের শুরুতেই বাজারে এসেছে তরমুজ, বাঙ্গি, আতা ও জামরুলও। তরমুজ আকার ভেদে ১৫০ থেকে ৩৫০ আর এবং বাঙ্গি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আতা ফলের কেজি ২০০ টাকা এবং জামরুল ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
