মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতে ২০ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের চিঠি
আসন্ন রোজায় মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বাজারজাত করতে দেশের ২০টি বড় প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে চিঠি দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
রোজায় ইফতার ও সেহরিতে বহুল ব্যবহৃত এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকারী ওই সব প্রতিষ্ঠানকে রোববার এই চিঠি দেওয়া হয় বলে বিএসটিআই সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০টি প্রতিষ্ঠান হলো, প্রাণ ফুডস লিমিটেড, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টিকে গ্রুপ), আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, সুপার অয়েল রিফাইনারী লি. (টিকে গ্রুপ), সিটি গ্রুপ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, তানভীর ফুডস লিমিটেড (মেঘনা গ্রুপ)।
এছাড়া বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, নিউ জিল্যান্ড ডেইরি লিমিটেড, এসিআই গ্রুপ, নেসলে বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার ফুডস লিমিটেড, বাংলাদেশ সুপারশপ ওনার্স এসোসিয়েশন, বিডি ফুডস লিমিটেড, সুইস বেকারী ও সজীব কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে প্রাথমিকভাবে ওই ২০টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এই তাগিদ দিয়ে চিঠি দেওয়া হবে।
রোজায় ইফতার সেহরিতে ব্যবহৃত পণ্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রিংকিং ওয়াটার/মিনারেল ওয়াটার, সফট ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ফ্রুট জুস, কার্বোনেটেড বেভারেজ, ঘি, লাচ্ছা সেমাই, নুডুলস, পাস্তুরিত তরল দুধ, আইসক্রিম, মুড়ি, ফর্টিফাইড সয়াবিন তেল, ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল, ফর্টিফাইড রাইস ব্রান অয়েলসহ ১৮১টি পণ্য রয়েছে।
“যেগুলো বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী গুণগত মান পরীক্ষা করে বিএসটিআই থেকে এ সকল পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু পবিত্র রমজান মাসে কতিপয় অসাধু ব্যবসায়ী বিএসটিআই থেকে ওই সব খাদ্যপণ্য মান সনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে অবৈধভাবে বিক্রয় ও বিতরণ করে থাকে, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।”
