২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: নারায়ণগঞ্জে মডেল গ্রুপের নানা উদ্যোগ

মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও জনজীবনের সুরক্ষায় নারায়ণগঞ্জে নানামুখী উদ্যোগ গ্রহন করেছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 08:32 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে দেশের আপামর জনগোষ্ঠীর সুরক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এ সব উদ্যোগকে বেগবান করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে মডেল গ্রুপ তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সিএসআর কার্যক্রমকে বৃদ্ধি করে প্রয়োজনীয় নানামুখী সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামানের হাতে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি বরাবরই আর্ত-মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিস্তারের দিক দিয়ে নারায়ণগঞ্জ ইতোমধ্যে দেশের অন্যতম ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকি থেকে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করতে হলে সরকারের উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা বলয় সৃষ্টির কোনো বিকল্প নেই। মডেল গ্রুপ বিশ্বাস করে নারায়ণগঞ্জের বিভিন্ন বিত্তবান ব্যক্তি, সক্ষম প্রতিষ্ঠান ও সচেতন জনগোষ্ঠীর সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই বিপর্যয় মোকাবেলা সম্ভব।

এই বিশ্বাস থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মডেল গ্রুপ প্রায় পাঁচ কোটি টাকার চার পর্যায়ের সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে।

সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রায় ৪০ লাখ টাকা ব্যয় করে মডেল গ্রুপ তার নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে এবং সাধারণ মানুষের স্বতস্ফূর্ত সহযোগিতায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ব্যাপক পরিসরে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা এবং গুজব প্রতিরোধের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে।

খাদ্য নিরাপত্তা কর্মসূচি

জনসমাগম পরিহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় সব ধরনের প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত রাখায় দেশের বিরাট জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। উপার্জনহীন হয়ে পড়ায় অবরুদ্ধ বহু মানুষ ইতোমধ্যে খাদ্য সংকটের মুখোমুখি; যা দিন দিন আরও বৃদ্ধি পাবার  আশঙ্কা দেখা যাচ্ছে।

এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের হতদরিদ্র মানুষের, বিশেষ করে মডেল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের খাদ্যের যোগান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাদেরকে খাদ্য সহায়তা দেবার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ হাজার পরিবারের কাছে প্রায় দেড় কোটি টাকার খাদ্য সহায়তা প্যাকেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এই খাদ্য সহায়তা প্যাকেজের অংশ হিসেবে প্রতিটি পরিবারের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এবং সাবান সম্বলিত একটি করে সহায়তা প্যাকেট পৌঁছে দেয়া হবে।

চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একারণে মডেল গ্রুপ নারায়ণগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা প্রদানরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত সর্বোচ্চ মানের পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস এবং প্রোটেকটিভ শিল্ড আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সব সুরক্ষা সামগ্রী সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নারায়নগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।