২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্যাসেঞ্জার এয়ারক্রাফট’ দিয়ে ‘কার্গো ফ্লাইট’ চালাবে ইউএস-বাংলা

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে এভিয়েশন ব্যবসায় দুর্দশার মধ্যে প্যাসেঞ্জার এয়ারক্রাফট দিয়েই নয়টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 07:45 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

আগামী সপ্তাহ থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে এসব কার্গো ফ্লাইট চলাচল শুরু হবে বলে ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম জানিয়েছেন। 

রোববার তিনি বলেন, “কার্গো পরিবহনে অন্তত চল্লিশটি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি আছে। আমরা চাইলে সেসব দেশে কার্গো পরিবহন করতে পারব। তবে প্রাথমিকভাবে আমাদের টার্গেট এশিয়ার দেশগুলো।”

ইউএস বাংলার বহরে কোনো কার্গো বিমান নেই। কামরুল জানান, তাদের চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের প্রতিটির কার্গো হোল্ডে প্রায় ২০ টন পণ্য পরিবহন সম্ভব। আপাতত এসব উড়োজাহাজ দিয়েই তারা কার্গো অপারেশন চালাবেন।

“করোনাভাইরাস সঙ্কটে স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী যেমন পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ নানাবিধ পণ্য আমদানি করা হবে এইসব এয়ারক্রাফট দিয়ে।  

“এছাড়া জরুরি রপ্তানি পণ্য সামগ্রী, বিশেষ করে গার্মেন্ট পণ্য, পচনশীল দ্রব্য- যেমন শাক-সবজি ইত্যাদি বিদেশে রপ্তানিতে ভূমিকা রাখতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ।”   

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বড় একটি অংশে এখন যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু আছে।

ইউএস-বাংলাও সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে একটি ফ্লাইট পরিচালনা করতে পারছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে তারা যাত্রী পরিবহন করতে পারছে না।

এই ক্ষতি কিছুটা হলেও কাটাতে ইউএস-বাংলা প্যাসেঞ্জার এয়ারক্রাফট দিয়ে কার্গো ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কি না জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের মাসে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। তবে কেবল আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা এ কাজটি করতে চাইছি। আমরা চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী, খাদ্যশস্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য পরিবহন করব।”

নিষেধাজ্ঞার মধ্যে প্যাসেঞ্জার এয়ারক্রাফট দিয়ে কার্গো ফ্লাইট চালানোর অনুমতি পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি 'আপৎকালীন' সময়ে এই কার্গো পরিবহনের অনুমতি দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুমতি যদি থাকে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রয়োজনে কার্গো পরিবহনের জন্য এয়ারক্রাফট কিনবে।”