২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভডি-১৯: ফেস শিল্ড-সেফটি-গগলস তৈরি করছে ওয়ালটন

মহামারী নভেল করোনাভাইরাস মোকাবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড ও সেফটি গগলস তৈরি করছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:04 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দৈনিক এক হাজার গগলস এবং দেড় হাজার ফেস শিল্ড তৈরি করছে ওয়ালটন। তবে চাহিদা অনুযায়ী এর তিনগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। এই ফেস শিল্ড এবং গগলস ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে।

পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের (পিপিই)সম্পূর্ণতার জন্য ফেস শিল্ড এবং গগলস অত্যাবশকীয়। প্রাথমিকভাবে এগুলো স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিস্তারের শুরু থেকেই দ্রুততম সময়ে কিভাবে প্রাণঘাতি এ ভাইরাস মোকাবিলায় কাজ করা যায়, সে চেষ্টা করে যাচ্ছেন ওয়ালটনের প্রকৌশলীরা। ফলে ভেন্টিলেটরসহ চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে গবেষণা শুরু করেন তারা। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বিশ্বমানের ফেস প্রোটেকটিভ শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন শুরু করল ওয়ালটন।

“এতে করে করোনাভাইরাস মোকাবেলায় আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।”

শনিবার সারা দেশের চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে ফেস শিল্ড এবং সেফটি গগলস হস্তান্তর করেছে ওয়ালটন।

এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল করিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের ফেস শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন প্রকল্পের কো-অর্ডিনেটর প্রকৌশলী আপেল মাহমুদ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, দেশে আগে থেকেই প্রোটেকটিভ স্যুট, মাস্ক, গ্লাভস, স্যু কভার, হেড ক্যাপ ইত্যাদি গার্মেন্টস আইটেম তৈরি হচ্ছিল। এবারই প্রথম ব্যাপক আকারে ফেস শিল্ড এবং গগলসের মতো পণ্য তৈরি শুরু করলো ওয়ালটন।