ভারতগামী ফ্লাইটগুলো বাতিল
কভিড-১৯ রোগের মহামারীর কারণে ভারত সেদেশে ভিসা স্থগিত করা হয় বাংলাদেশ থেকে দেশটিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করেছে।
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তাদের কলকাতা ও দিল্লিগামী সব ফ্লাইট আগামী ১৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে ১৫ মার্চ থেকে তাদের ভারতগামী কোনো ফ্লাইট চলবে না।
কেবল ফিরতি যাত্রীদের আনতে ১৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইট এবং ১৬ মার্চ পর্যন্ত কলকাতাগামী ফ্লাইট পরিচালনা করবে তারা।
নভোএয়ারের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) এ কে এম মাহফুজুল আলম বলেন, শুক্রবার সন্ধ্যায় তাদের খালি একটি ফ্লাইট কলকাতায় গিয়ে সেখান থেকে যাত্রীদের নিয়ে দেশে ফিরবে। ১৪ মার্চ থেকে কলকাতা ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
নভেল করোনাভাইরাস মহামারী রূপ নেওয়ার পর বুধবার ভারত সেদেশে বিদেশিদের ঢোকা বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায়। এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন।
এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।
