২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: টিকেট রি-ইস্যু ফি নেবে না এমিরেটস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোগের বিস্তারের প্রেক্ষাপটে এমিরেটস এয়ারলাইন তাদের যাত্রীদের ভ্রমণ তারিখ পরিবর্তন ও টিকেট রি-ইস্যু ফি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 10:21 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস।

২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত সকল টিকেটর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাত্রীরা আগামী ১১ মাসের মধ্যে যে কোন দিনের জন্য একই বুকিং শ্রেণীতে ভ্রমণের জন্য কোন মাশুল ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবেন। এমিরেটস নেটওয়ার্কভুক্ত যে কোন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

নির্ধারিত তারিখে একই বুকিং শ্রেণীতে সিট না পাওয়া গেলে যাত্রীরা অন্য বুকিং শ্রেণীতে ভ্রমণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ভাড়ার তারতম্য হলে, অতিরিক্ত ভাড়া যাত্রীকে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় উচ্চমাত্রায় আক্রান্ত দেশ থেকে দুবাই আগত প্রতিটি উড়োজাহাজের জন্য অতিরিক্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস।

“আক্রান্ত বা সন্দেহজনক কোন ঘটনার সংকেত পাওয়া মাত্র এমিরেটসের বিশেষ টিম উড়োজাহাজের সকল কেবিনে অনুমোদিত ও অধিক শক্তিশালী জীবাণু নাশকারী ঔষধের সাহায্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।”

এমিরেটস তাদের সকল উড়োজাহাজে  হেপা ফিলটার ব্যবহার করছে, যা উড়োজাহাজের কেবিন থেকে ৯৯ শতাংশের অধিক ভাইরাস মুক্তকরণে কার্যকর বলে প্রমাণিত বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতেও এমিরেটস ঢাকা থেকে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।