২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিলে ২০ মিনিটের বদলে যাচ্ছে ১৭ ঘন্টা: বিকাশ

এক বছরের ১২ টি বিদ্যুৎ বিল পরিশোধে একজন গ্রাহকের বছরে গড়ে ১০২৪ মিনিট বা ১৭ ঘন্টা সময় লাগলেও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সর্বোচ্চ ২০ মিনিটেই ১২টি বিল পরিশোধে করতে পারেন গ্রাহক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 10:25 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

সম্প্রতি নিজেদের পরিচালিত এক অনলাইন জরিপে এ তথ্য উঠে আসার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ‘বিদ্যুৎ বিল দিতে সারাবছরে আপনার কত সময় লাগছে?’ শীর্ষক ওই অনলাইন জরিপ। তাতে অংশ নিয়েছেন ৭৪ হাজার ৩৩৮ জন বিল প্রদানকারী।

ওইসব তথ্য বিশ্লেষণে করে এমন তথ্য পাওয়ার কথা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এর সঙ্গে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বিল প্রদান কেন্দ্রে পৌছানোর বাধ্যবাধকতা, কখনো কখনো লম্বা লাইন অপেক্ষা করা এবং সংশ্লিষ্ট খরচ।

এর বিপরীতে প্রতিবার বিল পরিশোধে ১ থেকে দেড় মিনিট করে বছরে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগে এবং গ্রাহক তার সুবিধামত যে কোন সময়ে, যে কোন স্থান থেকে বিল পরিশোধ করার সুযোগ পান। তাছাড়া একাধিক গ্রাহকের বিলও পরিশোধ করা যায় একটি বিকাশ একাউন্ট থেকেই।

সময় এবং খরচ বাঁচিয়ে ঝামেলা এড়িয়ে খুব সহজে বিল পরিশোধ সুবিধার কারণে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে বিল পরিশোধের পরিমাণও বাড়ছে।

গত পাঁচ বছরে মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) ইউটিলিটি বিল পরিশোধ প্রায় ৩৪৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১৫ সালে এমএফএসের মাধ্যমে ১ হাজার ৪৫৬ কোটি টাকার ইউলিটি বিল পরিশোধের বিপরীতে ২০১৯ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৩ কোটি টাকায়।