বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম, এমডি তারিক মোর্শেদ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ভাইস চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও ম্যাক্স ইনফ্রাস্টাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ।
একইসঙ্গে সভায় আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদকে সদ্য লাইসেন্স পাওয়া ব্যাংকটির প্রথম এমডি করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সোমবার ঢাকায় এই সভা অনুষ্ঠিত হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি বেঙ্গল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ২৩ ফেব্রুয়ারি তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদকে বেঙ্গল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকার সহিদ হোসেনকে উপদেষ্টা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তারিক মোর্শেদ বিডি ফাইন্যান্সে যোগদানের আগে সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
বেঙ্গল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলম এই গ্রুপের চেয়ারম্যান।জসিম উদ্দিন তার ছোট ভাই।
ব্যাংকটির লাইসেন্স পেতে কেন্দ্রীয় ব্যাংকে যে আবেদন করা হয়েছিল তাতে জসিম উদ্দিনকে প্রস্তাবিত চেয়ারম্যান করা হয়েছিল।
১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা শুরু করবে ব্যাংকটি।
বেঙ্গল ব্যাংক নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা এখন ৬০টি।এরমধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা নয়টি।বেসরকারি ব্যাংক ৪২টি। আর বিদেশী ব্যাংক নয়টি।
২৩ ফেব্রুয়ারি তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত হওয়ার পর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আগামী জুনের মধ্যেই বেঙ্গল ব্যাংক কার্যক্রম শুরু করবে।
