ফ্রান্সের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় এফবিসিসিআই
বাংলাদেশের অর্থনীতির চাকা বেগবান করতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
সোমবার মতিঝিলে ফেডারেশন ভবনে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের ইকোনমিক কাউন্সিলর পিয়েরি হেনরি ল্যানফ্যান্ট এফবিসিসিআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
এফবিসিসিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।
শেখ ফাহিম বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের ব্যবসায়িক সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যেতে পারে। এ ব্যাপারে এফবিসিসিআই বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে কাজ করে যাচ্ছে।
তিনি বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত করতে পিয়েরি হেনরির প্রতি আহ্বান জানান।
শেখ ফাহিম বলেন, বাংলাদেশ জনবসতিপূর্ণ দেশ। কিন্তু এর ভালো সম্ভাবনা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে ও দেশের শিল্পখাতের বিকাশে ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে এফবিবিসিসিআই। সেক্ষেত্রে ফ্রান্স সহযোগিতার হাত বাড়াতে পারে।
বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার। দেশটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে চতুর্থ অবস্থানে রয়েছে।
এছাড়া দেশটি বাংলাদেশ থেকে চামড়া, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, সিরামিক ও ওষুধ আমদানি করে থাকে।
শেখ ফাহিম বলেন, ফ্রান্সের বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুদেশের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের সুযোগ নিতে পারে।
বৈঠকে শেখ ফাহিম বর্জ্য ব্যবস্থাপনা, পণ্য সেবা, সচেতনতা বৃদ্ধি, ভোগ্য পণ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
হেনরি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি ফ্রান্সের বৃহত্তম নিয়োগকারী প্রতিষ্ঠান দ্যা মুভমেন্ট ডেস এন্টারপ্রাইজ দি ফ্রান্স (মেডেফ) পরিদর্শনের জন্য এফবিসিসিআই সভাপতিকে আহবান জানান।
বৈঠকে এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতি হাসিনা নেওয়াজ, মীর নিজামুদ্দিন আহমেদ, নিজামুদ্দিন রাজেশ, দীলিপ কুমার আগরওয়ালা এবং পরিচালক সজীব রঞ্জন দাশ উপস্থিত ছিলেন।
