বিকাশ-আজকেরডিল ডটকম চুক্তি
অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল ডটকমের গ্রাহকরা দেশের যেকোনো স্থান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিনা মূল্যে হোম ডেলিভারির সুবিধা পাবেন।
এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও আজকের ডিল ডটকমের মধ্যে একটি চুক্তি হয়েছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আজকেরডিল ডটকমের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর বিকাশ অফিসে এই চুক্তি বিনিময় করেন।
বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ ও আজকেরডিল ডটকমের সিটিও রনি মন্ডলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডেলিভারি ফি ছাড়া অনলাইন শপিং করার এই সুবিধা। সারা বছরজুড়ে আজকেরডিল এর ক্রেতারা এই সুবিধা পাবেন।
আজকেরডিল ডটকমের গ্রাহকরা যেকোনো পরিমাণ ক্রয়ের জন্য বিকাশ পেমেন্ট করলে প্রতিবার বিনামূল্যে হোম ডেলিভারি অফারটি পাবেন।
ফাহিম মাশরুর বলেন, “আমরা অনলাইনে বিক্রয় ও কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করেছি সব সময়। বিকাশের সাথে যুক্ত হয়ে তাদেরকে আরও দারুণ একটি অভিজ্ঞতা দিতে চলেছি। এখন একজন গ্রাহকের ডেলিভারি চার্জটি বেঁচে যাবে কিংবা চাইলে তিনি সেটি দিয়ে অন্য কিছু কিনতে পারবেন।”
২০১৪ সাল থেকে শুরু করে আজকেরডিল ডটকম এখন দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস। আজকের ডিল প্ল্যাটফর্মে ১০ হাজারেরও বেশি মার্চেন্ট বিভিন্ন ধরণের পণ্য বিক্রয় করেন।
