৫ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং মেলা
গ্রাহকদের অনলাইন ব্যাংকিং বিষয়ে সচেতন করতে ঢাকাসহ দেশের ২০টি স্থানে ডিজিটাল ব্যাংকিং মেলা করেছে পাঁচটি ইসলামি ব্যাংক।
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
মেলায় অংশ নেওয়াদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাড়াও রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান মেলার উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের পরিচালক তানভীর আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তাওহীদুল আলম এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
ঢাকায় খিলগাঁও গালর্স হাইস্কুল, মিরপুর ইনডোর স্টেডিয়াম, গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ারী ক্ষুদে পন্ডিতের পাঠশালা, মতিঝিল টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় মাঠ ও শাহজাহানপুর মাহবুব ইনস্টিটিউটে মেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া চট্টগ্রামের চিটাগং ক্লাব, রাজশাহী সিটি কর্পোরেশন ভবন, খুলনা পাবলিক হল, বরিশাল বিএম কলেজ, রংপুর টাউন হল, কুমিল্লা টাউন হল, বগুড়া শহীদ তিতু অডিটোরিয়াম, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ, মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি, যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল, সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়াম, নোয়াখালী জিলা স্কুল মাঠ এবং ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
