২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার নতুন নয়টি কারখানার যাত্রা শুরু

দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের খাদ্য, জ্বালানি, প্যাকেজিং, জাহাজ নির্মাণ এবং বৈদ্যুতিক পণ্য তৈরির খাতের নয়টি নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 09:54 PM

Updated : 10 Oct 2022, 07:00 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা অর্থনৈতিক অঞ্চলে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব কারখানায় নয় হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

শনিবার এসব কারখানার উদ্বোধন করনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Image
সোনারগাঁওয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোনে শনিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন নয়টি শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: মোস্তাফিজুর রহমান

সোনারগাঁওয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোনে শনিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন নয়টি শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: মোস্তাফিজুর রহমান

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীও উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকারের সহায়তা চেয়ে বলেন, “দুই বছর আগে থেকে আমরা ১৩টি কারখানায় গ্যাস সংযোগ পেতে ২০০ কোটি টাকার বেশি জমা দিয়ে রেখেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না।”

তিনি বলেন, “মেঘনা গ্রুপের ৪৮টি শিল্প কারখানায় কাজ করছে প্রায় ৩৫ হাজার কর্মী। সরকারের সহায়তা অব্যাহত থাকলে মেঘনা গ্রুপ দেশে আরও শিল্প বানাবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “বেজা প্রতিষ্ঠার প্রথম পাঁচ বছরে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের আওতায় এক শতক জমিও নিতে না পারায় সংস্থাটি ২০১৫ সালে বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল। এখন বেজার হাতে ৫০ হাজার একরের বেশি জমি। ২৮টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে।

Image
সোনারগাঁওয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোনে শনিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন নয়টি শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: মোস্তাফিজুর রহমান

সোনারগাঁওয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোনে শনিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন নয়টি শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: মোস্তাফিজুর রহমান

“প্রায় পাঁচ বছরে আগে এখানে ২১ একর জমির ওপর কিছু জলাভূমি, কয়েকটি কলা গাছ আর কিছু কাঁশফুল ছিল। সেখানে আজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে মেঘনা গ্রুপ।দেশে যে কজন শিল্প স্থাপনকে আর্টে রূপান্তর করেছেন, মোস্তফা কামাল তাদের অন্যতম একজন।”

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এক সঙ্গে নয়টি কারখানা উদ্বোধনকে ইতিহাসের অংশ বলে উল্লেখ করেন। মেঘনা গ্রুপের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এই ব্যবসায়ী নেতা্

এফবিসিসিআই সভাপতি এসময় ব্যাংক ঋণের সুদের হার নিয়েও কথা বলেন।

তিনি বলেন, “নয় শতাংশ সুদের সাথে ব্যাংকগুলো যেন আবার ২/৩ শতাংশ গোপন মাশুল বা হিডেন চার্জ নিতে পারে সে জন্য সতর্ক থাকতে হবে।”

উদ্বোধন করা মেঘনা গ্রুপের কারখানাগুলো হচ্ছে- মেঘনা সুগার রিফাইনারি, সোনারগাঁ সিড ক্রাশিং মিলস, মেঘনা বলপেন অ্যান্ড অ্যক্সেসরিজ এমএফজি, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, ফ্রেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস অ্যান্ড ওয়্যার, মেঘনা ফ্রেশ এলপিজি, সোনারগাঁ শিপবিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড ও ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিডেট (ইউনিট-২)।