করোনাভাইরাস সঙ্কট দীর্ঘায়িত হলে উদ্বেগের বিষয় হবে: বাণিজ্যমন্ত্রী
চীনে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের কাঁচামালে এ মুহূর্তে কোনো সমস্যা না থাকলেও সমস্যা দীর্ঘায়িত হলে তা উদ্বেগের বিষয় হবে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, “চীনের সাথে যেসব সেক্টরে বাণিজ্য রয়েছে, বিজিএমইএ এবং বিকেএমইএসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে কাজ করছে। অল্প কিছু দিনের মধ্যে বোঝা যাবে। ব্যবসায়ীরাও বিষয়টি পর্যালোচনা করছেন। যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “তৈরি পোশাক খাতের কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে এ মুহূর্তে কোনো সমস্যা নেই। করোনাভাইরাসের সমস্যা দীর্ঘায়িত হলে চিন্তা করতে হবে।”
নতুন ধরনের এ করোনাভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দুই ডজনের বেশি দেশে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে পাঁচশ, আক্রান্ত হয়েছে অন্তত ২৮ হাজার মানুষ।
বিভিন্ন কোম্পানি চীনে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে, চীনের সঙ্গে বিমান পরিবহন ও জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করায় বৈশ্বিক পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা চীন এই সঙ্কটে বড় ধরনের সমস্যায় পড়বে। তাতে বাংলাদেশের পোশাক খাতে নতুন কাজ বাড়বে বলে আশা করছেন কেউ কেউ। কিন্তু চীন থেকে কাঁচামাল আসা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের পোশাক খাত বড় ধরনের সমস্যায় পড়বে।
আবার খাদ্যপণ্য থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স- নানা ধরনের চীনা পণ্যের ওপর নির্ভরশীলতা তৈরি হওয়ায় করোনাভাইরাস সঙ্কট বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অনেকে।
চীন বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার হওয়ায় এবং করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করায় বাংলাদেশ বিষয়টি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
দেশের আমদানি-রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে বাণিজ্য সচিব বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এফবিসিসিআই চীনের সাথে বাণিজ্য বিষয়ে একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ওপর সরকার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।”
