বাণিজ্য মেলার সময় বাড়লেও ব্যবসায়ীদের হতাশা কাটেনি
নির্বাচনের কারণে দুদিন বন্ধ থাকার পর বর্ধিত সময়ের বাণিজ্য মেলা চালু হলেও পড়ল হরতালে; ফলে ক্রেতা না পেয়ে হতাশায় কাটল বিক্রেতাদের দিন।
সিটি নির্বাচনের কারণে দুই দিন বন্ধ রাখতে হওয়ায় ব্যবসায়ীদের অনুরোধে রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায়।
কিন্তু সাপ্তাহিক ছুটির দুদিন মেলা বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান বিভিন্ন স্টলের বিক্রেতারা।
মেয়েদের নানা ধরনের পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ফার্স্ট ডেটের স্টলে বিক্রয় প্রতিনিধি রওশন আরা রিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মেলায় মূলত অপেক্ষা করি শুক্রবার এবং শনিবার- এই দুইটি দিনের। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই দুইদিন তুলনামূলকভাবে বেশি বিক্রি হয়।
“কিন্তু এবছর মেলার সময়সীমা বাড়ানো হলেও শেষ সপ্তাহের শুক্র-শনিবার মেলা বন্ধ ছিলো। এছাড়াও মেলা শুরু হবার পরে ছুটির দিনগুলোতে মেলা বন্ধ থাকার কারণে এ বছর আমাদের যে ক্ষতি হয়েছে, সেটি পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।”
নির্বাচনের ডামাডোলের পর হরতালের কারণেও অনেকে রোববার মেলায় আসেনি বলে আক্ষেপ করেন রিতা।
তিনি জানান, এখন তারা অর্ধেক দামেই বিক্রি করছেন।
এমনই একটি স্টল আসলাম এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি আকাশ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এই ব্লেজারগুলো ২৬০০ টাকায় বিক্রি করেছি। এবারের মেলায় আমাদের তেমন বিক্রি হয়নি। মেলার সময়সীমা ৪ তারিখ পর্যন্ত বাড়ানো হলেও মেলায় দর্শনার্থী বাড়বে বলে মনে হয় না। আর হরতালের কারণে আজকে তো মানুষ আরও কম।”
শেষদিকে এসে মেলায় লোকসমাগম দেখা যায় বিদেশি পণ্যের প্যাভিলিয়নগুলোতে। থাইল্যান্ড, ইরান, তুরস্ক, কাশ্মীর থেকে আনা বিভিন্ন পণ্যের স্টলগুলোতে রোববার তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কাশ্মিরি শাল এবং কার্পেট।
কাশ্মির সিল্ক কার্পেট হাউজের স্টলে আছে ৩-৪ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার উপরের বিভিন্ন সাইজের কার্পেট। স্টল ম্যানেজার ইরফান আহমাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রতিবছরই কাশ্মিরী কার্পেটের ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হই। বিভিন্ন দামের এই কার্পেটগুলো ভালোই বিক্রি হয়। এবার মেলার শেষদিকে এসে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।”
তবে এবার বিভিন্ন সময়ে মেলা বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হওয়ার কথা ইরফানও বলেন।
একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ফ্রি পাওয়া যাচ্ছে অনেক স্টলে। বিশেষ করে মেয়েদের প্রসাধন সামগ্রীর স্টলগুলোতে দেওয়া হচ্ছে এই ছাড়।
অনলাইনে প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠান মিস গ্লো’র স্টলের বিক্রয় প্রতিনিধি মীম বলেন, “আমরা অনলাইনে যেমন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়ে থাকি, তেমন মেলা উপলক্ষেও আমাদের প্রোডাক্টের উপর বিভিন্ন অফার চলছে। যেমন, একটা বডি স্প্রে কিনলে আরেকটা ফ্রি, আবার কিছু বিশেষ ব্র্যান্ডের কসমেটিকসের উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।”
বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাতুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভেবেছিলাম শেষদিকে মেলায় অনেক ভিড় হবে। কিন্তু ভিড় তেমন নেই। অল্প মানুষের মধ্যে ঘুরতে ভালোই লাগছে।”
স্ত্রী এবং ছেলেকে নিয়ে মেলায় আসা মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে হয়তো মেলায় মানুষ আজ কম এসেছে। তবে মেলায় ভিড় কম হলেই কেনাকাটা আর ঘোরাঘুরি করতে বেশ সুবিধাই হয়।”
ক্ষতি পুষিয়ে নিতে মেলার সময়সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
