অভ্যন্তরীণ রুটে ‘সেরা এয়ারলাইন’ নভোএয়ার
২০১৯ সালের ‘ডমেস্টিক এয়ারলাইন অফ দি ইয়ার’ পুরস্কার পেয়েছে নভোএয়ার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সঙ্গে ‘বেস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন’ হিসাবেও স্বীকৃতি পেয়েছে এই বিমান সংস্থাটি।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০১৯’ অনুষ্ঠানে দুই পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-ডেহাইমির হাত নভোএয়ারের পুরস্কার নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
অনুষ্ঠানে অন টাইম পারফরম্যান্সের জন্য রৌপ্য ও ইন-ফ্লাইট সার্ভিসের জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে নভোএয়ার।
ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর পরিচালিত অনলাইন মতামত জরিপের ভিত্তিতে দেওয়া হয় এসব পুরস্কার।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে।”
