সেরা বিমান সংস্থা এমিরেটস-নভোএয়ার
আকাশপথে বাংলাদেশের নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপে ২০১৯ সালের সেরা বিমান সংস্থা নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস। স্থানীয় নভোএয়ার নির্বাচিত হয়েছে সেরা অভ্যন্তরীণ বিমান সংস্থা।
এ ছাড়া সেরা কার্গো বিমানের স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ। আর সেরা বাজেট বিমান সংস্থা হয়েছে এয়ার এশিয়া।
ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর এই জরিপ পরিচালনা করে।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান সংস্থাগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে।
এয়ারওয়েজ, সেরা বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া এবং নভোএয়ার সেরা ডমেস্টিক এয়ারলাইন নির্বাচিত হয়েছে।
১৬টি সেবা ক্যাটাগরিতে নির্বাচিত বিমান সংস্থাগুলোকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সোনা, রূপা ও ব্রোঞ্চ ট্রফি দেয়া হয়। এর মধ্যে চারটি ক্যাটাগরি ছিল বাংলাদেশী এয়ারলাইনগুলোর জন্য।
এবার দুই হাজার তিনশোরও বেশি নিয়মিত ভ্রমণকারী জরিপে অংশগ্রহণ করে নিজের পছন্দের এয়ারলাইনের পক্ষে ভোট প্রদান করেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
গত বছরের ১৩ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে মতামত জরিপ পরিচালিত হয়। বিভিন্ন পেশা ও সামাজিক গ্রুপ প্রতিনিধিত্বকারীদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের জুরি কমিটি অনলাইনে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে বিজয়ী বিমান সংস্থাগুলো নির্বাচিত করেন।
এবার মূল স্পন্সর ছিল অনলাইন ট্রাভেল এজেন্সি- শেয়ারট্রিপ।
জিডিএস কোম্পানি এমজিএইচ ট্রাভেলপোর্ট, মাস্টারকার্ড এবং সোনারগাঁও হোটেল যথাক্রমে টেকনোলজি পার্টনার, পেমেন্ট পার্টনার এবং হসপিটালিটি পার্টনার হিসেবে সহযোগিতা করে।
অনুষ্ঠানে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর জনপ্রিয়তা ও সেবার মান যাচাই এবং তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা নিয়মিত ভ্রমণকারীদের মতামত যাচাই করে থাকি। ভ্রমণকারীদের মধ্যে এয়ারলাইন অব দি ইয়ার নিয়ে উৎসাহের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদেরকে এই জরিপ পরিচালনায় উৎসাহ যোগাচ্ছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেয়ারট্রিপের পরিচালক এবং অলিম্পিক গ্রুপের নির্বাহী পরিচালক তানভির আলী, এমজিএইচ ট্রাভেলপোর্টের মহাব্যবস্থাপক দারাজ মাহমুদ, মাস্টারকার্ডের পরিচালক রেজাউল আমিন সোহেল, সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক স্টিফেন জেমস পিটার্স এবং জুরি কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম বক্তব্য দেন।
