গাজীপুরে গুদামে ডাকাতির অভিযোগ নিটল ইলেকট্রনিক্সের
গাজীপুরের কালিয়াকৈরে নিটল ইলেকট্রনিক্সের একটি গুদামে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার মধ্যরাতে ডাকাতরা কালিয়াকৈরের মৌচাক এলাকার ওই গুদাম থেকে ৭৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালপত্র ট্রাক করে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করেছে নিটল ইলেক্ট্রনিক্স।
পর দিন বৃহস্পতিবার নিটল ইলেকট্রনিক্সের সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন) সাজ্জাতুল ইমরান ফয়সাল কালিয়াকৈর থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন।
সাজ্জাতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতরা ফ্রিজ, এসি, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের প্রায় ৭৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ নিয়ে গেছে। থানায় অভিযোগ করার পর পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি।”
মামলায় বলা হয়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন লোক কালিয়াকৈরের মৌচাক এলাকায় নিটল ইলেক্ট্রনিক্সের গুদামের কাছে একটি ট্রাক নিয়ে আসে। তারা গেইট টপকে ভেতরে প্রবেশ করে অগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে মালামাল লুট করে।
ঘটনার সময় ওই গুদামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিকিউরিটি কোম্পানি ‘থার্ড ব্ল্যাকফোর্স’র নিরাপত্তাকর্মী তাজুল, আব্দুল জলিল, আব্দুল সোবহান ও তৌহিদ। রাত ৩টার কিছু সময় পরে ডাকাতরা মালামাল নিয়ে চলে যায়। সিকিউরিটি সুপার ভাইজার সোহরাব হোসেন রাত ৪টার দিকে ফোন করে কাউকে না পেয়ে মূল ফটকে চলে আসেন। পরে তিনি ঘটনা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
মামলায় বলা হয়, ডাকাতরা ৪২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১৯৬টি কমপ্রেসার, ৫০ হাজার টাকা মূল্যের একটি এসির ইনডোর, ১২ লাখ টাকা মূল্যের ৮০টি এসির আউট ডোর, তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৪টি এসির আউটডোর যন্ত্রাংশ, চার লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৮টি এসির প্লাস্টিক ফ্যান, ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৩১টি এসির ইনডোর, ৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ৮টি পূর্ণাঙ্গ এসি, ৯ হাজার ৪০০ টাকা মূল্যের চারটি রাইসকুকার, ২০ হাজার টাকা মূল্যের আটটি ব্লেন্ডার, ১০ হাজার টাকা মূল্যের সাতটি ইস্ত্রি, ২৭ হাজার টাকা মূল্যের ছয়টি মাল্টি কুকার, ৯ হাজার টাকা মূল্যের ছয়টি কেটলিসহ মোট ৭৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মালপত্র নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টা শুরু করেছি।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই মন্তব্য করছি না। এত মূল্যবান জিনসপত্র রেখে তারা কেন নিজস্ব লোক সেখানে রাখল না সেটাও দেখার বিষয়।”
