ডিজেল সঙ্কটের খবর গুজব: বিপিসি
সেচের মওসুমে দেশের বিভিন্ন এলাকায় ডিজেল সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাম্প মালিকরা।
একদিকে বিক্রি বৃদ্ধি অন্য দিকে সরবরাহ কমে যাওয়ার কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা জানিয়েছেন।
মজুদ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও সঙ্কটের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান বলেছেন, মজুদ যতটুকু কমে গিয়েছিল তাও ধীরে ধীরে বাড়ছে।
বুধবার ঢাকার কারওয়ান বাজারে বিপিসির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সঙ্কটের গুজব ছড়ালে ব্যবস্থা নেবেন তারা।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসের শুরু থেকে ডিজেলের কিছুটা সঙ্কট দেখা দেয়। বেশি সমস্যা হয়েছে উত্তরবঙ্গের বাঘাবাড়ি ডিপোর আওতাধীন এলাকাগুলোতে। বিপিসির কয়েকটি সরবরাহ জাহাজ বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করতে চাইছে না।
বিপিসির একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চলতি মাসের শুরুতে বিপিসির নিয়মিত সরবরাহকারীদের মধ্যে দুজনের চারটি জাহাজ বিকল হয়। এতে জানুয়ারি মাসে এক লাখ ২৫ হাজার টন তেল কম এসেছে। তবে বিকল্প জাহাজের সহযোগিতা নিয়ে তার সেই সঙ্কট অনেকটাই দূর করেছেন। ফলে কোনো পাম্পকেই রেশনিংয়ে যেতে হয়নি।
একটি পত্রিকায় তেল সঙ্কটের খবর প্রকাশ হওয়ার পর বিক্রয়ও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “আমাদের নিয়মিত চাহিদা দৈনিক ১৪ হাজার টন হলেও এই মাসে তা ১৯ হাজার টনে পৌঁছে যায়। বাজারে যে প্যানিক সৃষ্টি হয়েছে, তার প্রভাবে এমনটি হতে পারে। আবার সেচ মওসুমে ডিজেলের চাহিদা বৃদ্ধিও এর একটি কারণ হতে পারে। বিষয়টি বিশদ তদন্ত করে দেখা হচ্ছে।”
সঙ্কট সৃষ্টি হলেও তা ‘উদ্বেগের পর্যায়ে’ নয় বলে জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল।
তিনি বলেন, “কেউ যাতে গুজব ছড়াতে না পারে আমরা মালিকরা সেই বিষয়ে সতর্ক আছি। ইতোমধ্যেই বিপিসি উদ্যোগী হওয়ার পর সঙ্কট কিছুটা কেটেছে। তবে তা পুরোপুরি দূর হয়নি।”
বিপিসির পরিচালন বিভাগের পরিচালক সরোয়ার আলম জানান, বিপিসির বিভিন্ন ডিপোতে ছয় লাখ টন ডিজেল মজুদের সক্ষমতা রয়েছে। চলতি মাসে বিক্রি অস্বাভাবিক বাড়লেও কোনো কোম্পানি থেকে তেল না পাওয়ার অভিযোগ তারা পাননি। পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানি তাদের তেল সরবরাহ করে থাকে।
বাঘাবাড়ি ডিপোতে জ্বালানি তেলের লরি (ফাইল ছবি)
বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বিপিসির চেয়ারম্যান বলেন, “এই মুহূর্তে দেশে ডিজেলের কোনো সঙ্কট নেই। বরং এখন আমাদের কাছে ১৩ দিনের মজুদ আছে। কেউ যদি গুজব ছড়িয়ে ডিজেলের কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷”
ইতোমধ্যেই ডিজেলের আমদানি বাড়ার তথ্য দিয়ে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি এই মজুদ বেড়ে ২৫ দিনে উন্নীত হবে। আর মার্চে তা গিয়ে দাঁড়াবে ২৯ দিনের।
“আজকে দুই জাহাজে ৩৫ হাজার টন এবং আগামীকাল আরও দুইটি জাহাজ থেকে ৩৩ হাজার টন ডিজেল তেল নামবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে মোট মজুদ গিয়ে দাঁড়াবে পাঁচ লাখ ১৯ হাজার টনে।”
সামছুর রহমান বলেন, “আমাদের এই মজুতের হিসাব থেকে বোঝা যায় চাহিদার চেয়ে বেশি মজুত আছে। আমরা উল্টো এই অতিরিক্ত ডিজেল কীভাবে বিক্রি করব, তা নিয়ে পরিকল্পনা করছি।”
এদিকে কেবল সঙ্কটের গুজবে কিছু কিছু পাম্পে নিয়মিত চাহিদার বেশি তেল রাখলে আগামী দিনে বিক্রিতে আবার ভাটা পড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিপিসি কর্মকর্তারা।
সরোয়ার আলম বলেন, “তেলের বিপণন খুবই স্পর্শকাতর বিষয়। অনেক সময় চাহিদার তুলনায় বিপিসির মজুদ বেড়ে যায়। তখন জাহাজ অপেক্ষমাণ রাখার জন্য বিপিসিকে গুনতে হয় লোকসান।
“আবার অতিরিক্ত ডিজেল কিনে কেউ যাতে পাশের দেশে বিক্রি করতে না পারে, সেজন্য আমরা আমাদের সীমান্তরক্ষী বিজিবিদের নজর রাখার অনুরোধ করেছি।”
এদিকে এই ডিজেল নিয়ে নানামুখী আলোচনার প্রেক্ষাপটে আপাতত দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন বিপিসির একাধিক কর্মকর্তা।
