২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় আগুনে পুড়ল ফ্রুটিকার স্টল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগে পুড়ে গেছে কোমল পানীয় ব্র্যান্ড ‘ফ্রুটিকা’র স্টল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2020, 07:46 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের পর এদিনের জন্য বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফ্রুটিকার স্টলে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

“ততোক্ষণে আগুনে স্টলটির উপরের অংশ এবং ভেতরের কাঠামো পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।”

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মেলার প্রধান ফটকের পূর্ব দিকে ফ্রুটিকার স্টলের সৌন্দর্যবর্ধনের জন্য স্টলের উপরভাগে একটি বোতল সদৃশ কাঠমো তৈরি করা হয়েছিল।

সেখানে ‘ওয়েল্ডিংয়ের’ কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার ব্রিগেডের বাণিজ্যমেলা স্টেশনের স্টেশন অফিসার শাহরিয়ার রহমান জানান, মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা মাহমুদুল হাসানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ছাড়াও গণপূর্তের প্রতিনিধি আছেন।

“দ্রুত সময়ের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে আগুন কীভাবে লেগেছে।”

আগুন লাগার পরপরই মেলা কর্তৃপক্ষ মাইকে বৃহস্পতিবার মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করে উপস্থিত সক্রেতা-দর্শনার্থীদের চলে যাওয়ার অনুরোধ জানান।