অষ্টম বর্ষে নভোএয়ার
সাত বছর সফলতার সাথে যাত্রী পরিবহন করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে এই বিমান সংস্থা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ট্রাভেল এজেন্সী ও যাত্রীদের সাথে নানা আয়োজনের মাধ্যমে বৃহস্পতিবার নভোএয়ার তাদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্ষপূর্তি উপলক্ষে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য টিকেটের মূল্যে ১২ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে বিমান সংস্থাটি। স্মাইলস গ্রাহকরা নভোএয়ারের বিক্রয় কেন্দ্রে এসে এই সেবা নিতে পারবেন। ২০১৩ সালে নভোএয়ার যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে সর্বপ্রথম ‘স্মাইলস’ নামে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম চালু করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬১ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৩৩ লাখেরও বেশি যাত্রী সেবা দিয়েছে ।
সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। ফ্লাইট পরিচালনা করতে এরই মধ্যে ৭ম উড়োজাহাজ বহরে যুক্ত হয়েছে।
যাত্রীদের টিকেট ক্রয় সহজতর করতে মোবাইল অ্যাপ ও চেক-ইন প্রক্রিয়া সহজ করতে ওয়েব চেক-ইন প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানান তিনি।
“অষ্টম বছরে পদার্পণের অঙ্গীকার হবে যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ; বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।”
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
