২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ বাসে ২১ হাজার ছাত্রীকে আইসিটি প্রশিক্ষণ

বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ২১ হাজারেরও বেশি ছাত্রীকে বিনামূল্যে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে আইসিটি ডিভিশন ও হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 08:22 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রাম্যমাণ দু’টি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে গত তিন বছর ধরে দেওয়া হয় এই প্রশিক্ষণ। যাতে ছিল ১ হাজার ২২৬টি সেশন।

২০১৫ সালে হুয়াওয়ে এবং বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মধ্যে চুক্তির মাধ্যমে শুরু হয় এই প্রশিক্ষণ কার্যক্রম।

আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের সহযোগিতায় এ উদ্যোগ নেয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।

মোট ছয়টি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে সরাসরি হুয়াওয়ের তত্ত্বাবধায়নে ছিলো দু’টি বাস।

‘পদ্মা’ ও ‘রূপসা’ নামের ঐ ডিজিটাল ট্রেনিং বাস দু’টি দেশের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে গত ৩ বছরে স্কুল-কলেজ পড়ুয়া মোট ২১ হাজার ২৩৮ জন নারী শিক্ষার্থীকে তথ্য-প্রযুক্তি বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করে।

গত সপ্তাহে শেষ হয়েছে তিন বছর মেয়াদি এই প্রকল্প। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি তথ্য ও যোগাযাগ প্রযুক্তি বিভাগের কাছে ডিজিটাল ট্রেনিং বাস দু’টি হস্তান্তর করেছে হুয়াওয়ে।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের পরিচালক আখতার মামুনের কাছে বাস দু’টি হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝাং কিডি।