‘ফ্রুটিকা’ তৈরি হচ্ছে এখন ‘এসেপটিক’ পদ্ধতিতে
হাতের সরাসরি স্পর্শ ও বাইরের বাতাসের মিশ্রণ থেকে মুক্ত পরিবেশে ফলের জুস ও পানীয় তৈরির পদ্ধতি চালু করেছে দেশীয় ব্র্যান্ড আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।
প্রক্রিয়াজাত খাবার তৈরিতে বিশ্বের সর্বাধুনিক এই প্রযুক্তি ‘এসেপটিক পদ্ধতি’ হিসাবে পরিচিত।
ঢাকার ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় গত বছরের সেপ্টেম্বরে জার্মানির ক্রোনেস কোম্পানির এই প্রযুক্তি স্থাপন করা হয়। দীর্ঘদিনের পরীক্ষামূলক পরিচালন শেষে নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিক উৎপাদন শুরু হয় এই কারখানায়।
কারখানার প্রধান ও জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক নূর ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসেপটিক পদ্ধতি হচ্ছে বিশ্বে ড্রিংস ও অন্যান্য পানীয় তৈরির সর্বাধুনিক পদ্ধতি; যাতে হাতের স্পর্শ ছাড়াই পণ্য তৈরি ও বোতলজাত করা যায়। ফলে এতে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু যুক্ত হওয়ার সম্ভাবনা শতভাগ দূর হয়ে যায়। তাই এসব পণ্য সংরক্ষণের জন্য কোনো প্রিজারভেটিভ দিতে হয় না।
“এই প্ল্যান্ট থেকে তৈরি আকিজের পণ্য এখন দীর্ঘ্য নয় মাস বোতলজাত করে রাখা যায়। আর এসেপটিক পদ্ধতিতে তৈরি আমের পাল্প ফয়েল পেপারে মোড়ানো ড্রামে দুই বছর ভালো থাকে।”
নতুন এই প্রযুক্তি স্থাপনে বিভিন্ন ধাপে তিনশ কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে বলে জানান ফেরদৌস।
এই কারখানার মান নিশ্চয়তা (কোয়ালিটি অ্যাশিওরেন্স) উপ-মহাব্যবস্থাপক তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন কোনো পণ্য উৎপাদন করা হয়, তখন এতে কোনোভাবে বাইরের বাতাস ঢুকলে বাতাসের সঙ্গে অণুজীব যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রুটিকা এমন একটি ভ্যাকুয়াম ফিলিং পদ্ধতিতে উৎপাদিত হয় যেখানে এক শতাংশেরও কম বাতাস প্রবেশ করলেই পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এভাবেই মান নিশ্চিত করা হয়।
“নতুন প্রযুক্তির প্লান্ট বসানোর পর আগের প্লান্ট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। কারণ এই প্লান্টে আগের প্লান্টের চেয়ে তিনগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে।”
তিনি জানান, এখানে এক ধাপে (তিন ঘণ্টায়) এক লাখ ৩৫ হাজার লিটার পাল্প মিশ্রণ করতে পারে। প্যাকেজিং মেশিনটি ঘণ্টায় ৫৪ হাজার বোতল প্রস্তুত করতে পারে।
