ফ্রুট ড্রিংক, ওয়েফার ও সোলার ব্যাটারির সনদ দেবে বিএসটিআই
ফ্রুট ড্রিংক, ওয়েফার ও সোলার ব্যাটারির মান সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি মান নির্ধারক প্রতিষ্ঠান বিএসটিআই।
রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ে প্রধান কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি বিএসটিআই কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়েছে।
আরও ৩৪টি জেলায় বিএসটিআইয়ের অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে দিয়েছে কাউন্সিল।
বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) বিভাগের পরিচালক ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলে অনুমোদন হওয়ার পর বিষয়টি তারা শিল্প মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে।
গেজেট হওয়ার পরেও কোম্পানিগুলো সনদ অর্জন করতে দুই মাস সময় পাবে।
“বাজারে ফ্রুট ড্রিংক বিপণনকারী ২১টি ব্র্যান্ড ইতোমধ্যেই লাইসেন্স নিয়ে রেখেছে। তবে সেটা বাধ্যতামূলক লাইসেন্স নয়। আমরা চাচ্ছি বিষয়টি যেন বাধ্যবাধকতার আওতায় আসে। ওয়েফার বিস্কুটে সাতটি লাইসেন্স দেওয়া আছে। বাকি সোলার ব্যাটারির কেউ লাইসেন্স নেয়নি। তবে অন্যান্য ব্যাটরির বাধ্যতামূলক লাইসেন্স চালু আছে,” বলেন ইসহাক।
বর্তমানে বিএসটিআই থেকে ১৮১টি পণ্যের লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুনের সভাপতিত্বে বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইনসহ বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
