২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক হলিডেতেও সেবা পাবেন নির্বাচনের প্রার্থীরা

মঙ্গলবার ব্যাংক হলিডেতেও সেবা পাবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 09:39 PM

Updated : 08 Apr 2022, 05:15 PM

প্রথা অনুযায়ী, বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকে। এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না।

কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় মঙ্গলবার। ৩১ ডিসেম্বর মঙ্গলবার হওয়ায় প্রার্থীদের জন্য এই সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার সন্ধ্যায় সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ৩১ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংক বিকেল ৪টা পর্যন্ত চালু রাখার জন্য নির্দেশনা প্রদান করা হল।

“তবে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত লেনদেন হবে।”

ব্যাংক হলিডেতে সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক ব্যালেন্সশিট প্রস্তুত করে থাকে ব্যাংকগুলো। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে এ দিন লেনদেন বন্ধ রাখা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।