২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের বাই সাইকেল দিল এমআরডিআই-সিটি ব্যাংক

ভিন্ন ধরনের এক সিএসআর উদ্যোগ (প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা) নিয়েছে সিটি ব্যাংক এবং বেসরকারি সংস্থা এমআরডিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2019, 08:47 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

শনিবার যশোরের বসতপুরে প্রায় ৫০ জন স্কুল ছাত্রীকে বাই সাইকেল দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রথম বারের মতো স্কুল ছাত্রীদের সাইকেল দেওয়া হল।দেশের অন্যান্য এলাকাতেও এ উদ্যোগ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দীন।

তিনি বলেন, সিএসআর উদ্যোগের সফল বাস্তবায়ন প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষভাবে নারী ও কন্যা শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। সুপরিকল্পিত সিএসআর কার্যক্রম ব্যয় সাশ্রয়ী এবং দারিদ্র বিমোচনে সরাসরি অবদান রাখে।

এই প্রত্যন্ত এলাকায় প্রান্তিক মানুষের কল্যাণে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য সিটি ব্যাংক ও এমআরডিআইকে ধন্যবাদ জানিয়ে আফিল উদ্দীন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড।বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে।

“সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ সহায়ক ভূমিকা পালন করতে পারে-এই উদ্যোগ তারই একটি উজ্জ¦ল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) স্থানীয় দৈনিক ‘গ্রামের কাগজ’ এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিটি ব্যাংক এবং এমআরডিআই’র উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আশানুর রহমান বলেন, “এই গ্রামের নারী, কন্যাশিশু ও সর্বসাধারণের হাস্যোজ¦ল মুখ আমাদের সিএসআর কার্যক্রম অব্যাহত রাখতে প্রেরণা যোগাবে।”

হাসিবুর রহমান করেন, “এই বাই সাইকেল শুধু মেয়েদের স্কুলে যাওয়া আসা সহজ করবে না; এর মাধ্যমে মেয়েরা সাহসী ও প্রত্যয়ী হয়ে উঠবে।সমাজের সব বাধা পেরিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে। প্রমাণ হবে, যে কোন টেকসই উদ্যোগ সমাজ পরিবর্তনে সহায়ক।”

“সিটি ব্যাংকের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সিএসআর তহবিল দাতা সংস্থার অনুদানের কার্যকর বিকল্প হতে পারে।”

বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সদস্যদের কন্যাদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়। একই কার্যক্রমের আওতায় এই সংস্থা মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে।

বসতপুরের এই প্রশিক্ষণ কেন্দ্র, সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছে সেখানকার নারীদের। শিশুদের শিক্ষা ও এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য সিটি ব্যাংক ১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শার্শা’র উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এবং গ্রামের কাগজ এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন বক্তব্য রাখেন।