বাংলাদেশ চেম্বারের এজিএম অনুষ্ঠিত
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি বিসিআইর ২০১৮-২০১৯ সালের কাজের সার সংক্ষেপ সভায় উপস্থাপন করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিআই সভাপতি সভায় বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্পচেম্বার সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরী পোশাক ও টেক্সাইল, রেমিটেন্স এবং কৃষি খাতের উপর নির্ভরশীল। কিন্তু এলডিসি থেকে উত্তরনের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে তৈরী পোশাক ও টেক্সাইল এর উপর নির্ভরশীলতা কমিয়ে কিছু সম্ভাবনা খাত যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনোমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে।
সভায় সংগঠনের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্ধিন, সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
