চট্টগ্রাম-বরিশালে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারী থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি এবং বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও বরিশাল রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টায়, ৮টা ৩০ মিনিটে, ১১টা ২০ মিনিটে, দুপুর ২টায়, বিকাল ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিটে, ৯টা ৫৫ মিনিটে, দুপুর ১২টা ৪৫মিনিটে, বিকাল ৩টা ২৫ মিনিটে, ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এছাড়া ঢাকা থেকে সকাল ৯টায় এবং বিকাল ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিটে ও বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজার রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি এবং রাজশাহী ও কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
