মোটা চালের দাম কমছে
বাজারে আমন মওসুমের নতুন ধান আসার পর পাইকারি বাজারে মোটা চালের দাম কমেছে, তবে ঢাকার খুচরা দোকানগুলোতে এর প্রভাব পড়েছে সামান্য।
খুচরা বিক্রেতারা বলছেন, নতুন মওসুমের চাল বাজারে এলেও এখনও তাদের দোকানে পৌঁছায়নি।
তবে পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, নতুন আমন ধান বাজারে আসার পর গত দুই সপ্তাহ ধরেই বিভিন্ন রকম মোটা চালের দাম কমেছে।
মিরপুরের শাহ আলী মার্কেটের জনতা রাইস এজেন্সির স্বত্ত্বাধিকারি মহিউদ্দিন হারুন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক বছরের মধ্যে এবারই মোটা চালের দাম রেকর্ড পরিমাণে কমেছে।
“আমন মওসুমের ধান আসার পর গুটি ও স্বর্ণা চালের দাম বস্তায় অন্তত একশ টাকা করে কমেছে। গুটি চালের বস্তা ১৩০০ টাকা করে বিক্রি হচ্ছে, যা আগে ১৪০০ টাকা ছিল। স্বর্ণা চাল প্রতি বস্তা ১৪০০ টাকা করে বিক্রি হচ্ছে, যা আগে ১৫০০ টাকা ছিল।”
এই বিক্রেতা বলেন, গত নভেম্বরের শুরুতে মিনিকেট চালের দাম বেড়ে গিয়েছিল কেজিতে অন্তত ছয় টাকা করে। সেই দাম আর কমেনি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেটসহ অন্যান্য সরু চাল।
সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে, গত দুই সপ্তাহ ধরে খুচরায় মোটা চালের কেজি (গুটি ও স্বর্ণা) ৩০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগের তুলনায় ১২ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৮ শতাংশ কম।
মিরপুরের বড়বাগের ভাই ভাই শরীয়তপুর স্টোরের বিক্রেতা সোহাগ জানান, বর্তমানে বিআর ২৮ চাল প্রতি কেজি ৩৫ টাকা থেকে ৩৮ টাকা এবং মিনিকেট ৪৫ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২ টাকায়।
“শুনেছি পাইকারিতে মোটা চালের দাম বেশ খানিকটা কমেছে। কিন্তু আমাদের কাছে আগের কেনা চাল থেকে গেছে। তাই কমার পর নতুন চালান এখনও আসেনি।”
বাজারে দীর্ঘদিন ধরে সুগন্ধি চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে কয়েকজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়।
প্রায় দুই মাস ধরে প্রতিকেজি ১০০ টাকা থেকে ১০৫ টাকায় সুগন্ধি চাল বিক্রি হচ্ছে। তবে নতুন মওসুমের সুগন্ধি চাল বাজারে এসেছে। এগুলো বিক্রি হচ্ছে ৮৪ টাকা থেকে ৯০ টাকা কেজি।
এই বাজারের মীম অ্যান্ড প্রন্তিকা স্টোরের রাসেল জানান, তার দোকানে পাইজাম চাল ৩৫ টাকা, গুটি চাল ৩০ টাকা এবং স্বর্ণা ৩২ টাকায় বিক্রি হচ্ছে। পুরানো আটাশ চালের দাম ৩৬ টাকা থেকে ৩৮ টাকা। এছাড়া মিনিকেট বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়।
কারওয়ান বাজারে জনতা রাইস এজেন্সির বিক্রেতা দেলোয়ার জানান, এখন প্রতি বস্তা (৫০ কেজি) ১২৫০ টাকার মধ্যেও মোটা চাল পাওয়া যাচ্ছে। চালের দাম গত কয়েক বছরের মধ্যে ‘এতোটা কখনও কমেনি’।
এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার পর বাজারে ধানের দাম কমে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর। গত বছর আমনের গড় মূল্য মণপ্রতি ৭০০ টাকার মধ্যে থাকলেও এবার তা ৬০০ টাকার ঘরে চলে এসেছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।
বাজারে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকায়, এছাড়া ১০০ টাকা ও ৮০ টাকায়ও দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তুরস্কের পেঁয়াজ ৪৫ টাকা, মিশরের লাল রঙের পেঁয়াজের খুচরা মূল্য ৮০ টাকা রয়েছে বলে শরীয়তপুর স্টারের বিক্রেতা সোহাগ জানান।
বড়বাগ বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ হোসেন জানান, অধিকাংশ সবজির দাম কমে আসলেও গত দুই দিনে হঠাৎ করে ফুল কপি, বাঁধা কপি ও শালগমের দাম বেড়ে গেছে। প্রতিটি ফুল কপি ও বাঁধা কপি কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে শালগমও কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য সবজির দাম খানিকটা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। শিম প্রতিকেজি ৩৫ টাকা থেকে ৪০ টাকা, মুলা ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, টমেটো ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন করে বাজার আসা হৃষ্টপুষ্ট শিম (পরিপূর্ণ বিচিসহ) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়।
