দেশে তৈরি চিকিৎসাযন্ত্র প্রসারের আশা দেখাচ্ছে সেলট্রন
বিদেশি যন্ত্রপাতির জায়গায় দেশে উৎপাদিত চিকিৎসাযন্ত্রের বাজার প্রসারে সম্ভাবনা দেখাচ্ছে সেলট্রন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস লিমিটেড।
বৃহস্পতিবারের প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বাধা অতিক্রম করে চারটি মেডিকেল ইকুপমেন্ট তৈরির লাইসেন্স পায় সেলট্রন ইএমএস। বর্তমানে সফলতার সঙ্গে বাংলাদেশেই ১২ ও ৬ চ্যানেল ইসিজি মেশিন, ফটোথেরাপি, এক্সরে ভিউবক্স এবং পেশেন্ট মনিটর তৈরি ও বাজারজাত করছে ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিকে সেলট্রনের তৈরি মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
“কাঁচামালের সহজলভ্যতা, সস্তা শ্রম ও স্থানীয় বাজারের কারণে এসব পণ্যের দামও হাতের নাগালে। বিদেশি ইসিজি মেশিনের দাম ৯০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকার বিপরীতে সেলট্রনের ইসিজি মেশিন পাওয়া যাচ্ছে ৭৫ হাজার টাকায়।”
সেলট্রন বলছে, “অতীতে মেডিকেল পণ্য বিদেশ থেকে আমদানি করতে বাংলাদেশকে ২ থেকে ৪ হাজার কোটি টাকা প্রতি বছর খরচ করতে হতো। এখন স্থানীয়ভাবে তৈরি হওয়ায় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে। একইসঙ্গে এই খাতের উন্নয়নের ফলে দেশে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, দূর হবে বেকারত্ব সমস্যা।”
সেলট্রনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে তৈরি ওষুধের বিপুল চাহিদা রয়েছে বিদেশে। ওষুধ শিল্পের পাশাপাশি চিকিৎসা সেবায় ব্যবহৃত পণ্য উৎপাদনের এই উদ্যোগ চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে সেলট্রনের তৈরি যন্ত্রগুলোর ব্যান্ড নাম ’অপরাজেয়’ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
