সেরা পিআর পুরস্কার পেল মাস্টহেড পিআর
সার্কভূক্ত দেশগুলোর সেরা পিআর এজেন্সি পুরস্কার পেয়েছে বাংলাদেশের মাস্টহেড পিআর।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পিআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস সম্মেলনে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
মোস্ট ইনোভেটিভ স্টোরি টেলিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেট ক্যাম্পেইনসহ মোট ১৩টি মানদণ্ড বিবেচনায় মাস্টহেডকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট সাতটি ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ পিআর এজেন্সিগুলোকে এই সম্মেলনে পুরস্কৃত করা হয়। ক্যাম্পেইনের সেরা পিআর, সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জন, পিআর এর মাধ্যমে জন সচেতনতা তৈরি, সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখা, পিআর এর বহুমাত্রিকতা, সংকট মোকাবেলায় মাস্টহেড পিআর এর সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি নয়াদিল্লির হোটেল সাংরিলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন মাস্টহেড পিআর এবং টপ অব মাইন্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল। পুরস্কার গ্রহণের সময় আরও সঙ্গে ছিলেন মাস্টহেড পিআর এর পরিচালক রাশেদুল মজিদ মামুন, গ্রুপ টিম লিডার ইশতিয়াক হুসাইন এবং টিম লিডার রাকিব উদ্দিন।
কমিউনিকেশন এবং পিআর নিয়ে নয়াদিল্লীতে ১০ম বারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়। এই প্রথমবারের মতো বাংলাদেশি কোনো পিআর এজেন্সি (জনসংযোগ প্রতিষ্ঠান) এই সম্মেলনে যোগ দেয়।
দু’দিনবাপী এই সম্মেলনে দক্ষিণ এশিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের পিআর ও কর্পোরেট কমিউনিকেশনস এবং বহুজাতিক কোম্পানির শতাধিক নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনের আয়োজন করে ভারতের খ্যাতনামা মিডিয়া গ্রুপ এক্সচেঞ্জ ফর মিডিয়া।
এই অর্জন সর্ম্পকে প্রতিষ্ঠানটির প্রধান জিয়াউদ্দিন আদিল বলেন, প্রতিনিয়ত পিআর এবং কমিউনিকেশনের ধরন বদলাচ্ছে। গণমাধ্যমে যেমন নতুনত্ব এসেছে, তেমনি পিআর প্রতিষ্ঠানগুলোকেও নতুন নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে।
“মাস্টহেড পিআর এই নতুনত্বকে ধারন করে তার সেরাটা সবসময়ই প্রদান করে থাকে। পিআর এর মাধ্যমে দেশ এবং সমাজে ভূমিকা রাখতে সবসময় চেষ্টা থাকে আমাদের।”
