সিমেন্ট শিল্পে অগ্রিম কর কমল, পুরোটা প্রত্যাহার চায় বিসিএমএ
সিমেন্ট শিল্পের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ৩ শতাংশ করেছে সরকার।
বৃহস্পতিবার এক এসআরও জারির মাধ্যমে এই করহার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
তবে অর্থনৈতিক অঞ্চলের বাইরের সিমেন্ট কারখানার মালিকরা আগেই মতোই এই কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সিমেন্ট উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি আলমগীর কবির শনিবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
চলতি অর্থবছরের বাজেটে সিমেন্ট শিল্পের কাঁচামাল আমদানিতে আগের মতোই পাঁচ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দেওয়ার বিধান রাখা হয়। যে সব কারখানা অর্থনৈতিক অঞ্চলের বাইরে তাদেরকে এই কর দিতে বলা হয়।
আগেও এই ৫ শতাংশ এআইটি দিতে হতো। তবে সেটা কোম্পানিগুলোর আয়করের সাথে সমন্বয় করা হতো। কিন্তু ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থাৎ ২০১৯ সালের ১ জুলাই থেকে এটা ‘বাধ্যতামূলক’ করা হয়। আয়কর দেওয়ার সময় সমন্বয়ের বিষয়টা বাহিল করা হয়।
বাজেট প্রস্তাবেরর পর থেকে অর্থনৈতিক অঞ্চলের সিমেন্ট কারখানার মালিকরা এই কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
সর্বশেষ গত ১ ডিসেম্বরও এক মতবিনিময় সভায় বিসিএমএ সভাপতি আলমগীর কবির বলেন, অর্থনৈতিক অঞ্চলের বাইরের সিমেন্ট কারখানাগুলো বেশ সংকটে পড়েছে। কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর ‘বাধ্যতামূলক’ করায় অনেক কারখানা লোকসান দিচ্ছে।
“অর্থনৈতিক অঞ্চলের সিমেন্ট কারখানাগুলোকে এই অগ্রিম কর দিতে হয় না। এর ফলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগতিায় টিকে থাকতে পারছি না।”
সিমেন্ট শিল্প মালিকদের দাবির পরিপেক্ষিতে বৃহস্পতিবার সিমেন্টের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ৩ শতাংশ করেছে এনবিআর।
পুরোটাই প্রত্যাহার চায় বিসিএমএ
তবে এতে পুরোপুরি খুশি নয় বিসিএমএ। শনিবার এক বিবৃতিতে বিসিএমএ সভাপতি আলমগীর কবির বলেন, “আমরা যদিও সরকারের কাছে এই ৫ শতাংশ অগ্রীম আয়কর সম্পূর্ণরূপে প্রত্যাহার চেয়েছিলাম, সরকার তার পরিবর্তে এটি কমিয়ে ৩ শতাংশ করেছে।”
“আমরা আগেও বলেছি যে ব্যবসায় লাভ-লোকসান চূড়ান্ত হওয়ার আগেই ন্যূনতম অগ্রীম আয়কর ধারা পৃথিবীব্যাপী যে কর আইন আছে তার পরিপন্থী এবং আমাদের দেশে যে কর আইন আছে সেটারও পরিপন্থী।”
“তাই আমরা এই ধারাটির সম্পূর্ণরূপে বিলুপ্তি চাই।”
আলমগীর কবির বলেন, অর্থনৈতিক অঞ্চলে যাদের সিমেন্ট ফ্যাক্টরি আছে তারা এই ধারা থেকে অব্যাহতি পাচ্ছে অর্থাৎ এই অতিরিক্ত অগ্রিম আয়কর যেটা চূড়ান্ত দায় সেটা দিতে হচ্ছে না। এটা একটা অসামঞ্জস্যতা যা সিমেন্ট খাতে একটি অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরী করতে পারে।
“তাই আমরা আবারও সরকারের চূড়ান্ত পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে আবেদন জানাচ্ছি যেন এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।”
