বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি
জাইকার সহায়তায় নগরের ভবন নিরাপত্তা প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করবে সিটি ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের পরিচালক শরাফত উল্লাহ খান চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী দেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন বা প্রাক-অর্থায়ন সুবিধা দেবে।
”পোশাকখাত সংক্রান্ত ভবনের অগ্নিনিরাপত্তা, আধুনিকায়ন, পুনঃনির্মাণ ও স্থানান্তর কাজের জন্য গ্রাহকেরা সিটি ব্যাংকের মাধ্যমে এই সুবিধা ভোগ করতে পারবেন।”
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশীদের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব স্ট্রাকচারড্ ফিন্যান্স মাহবুব জামিল উপস্থিত ছিলেন।
